• ভোররাতে ট্যাঙ্কারের সঙ্গে ভ্যানের মুখোমুখি ধাক্কা, ঘটনাস্থলেই মৃত্যু কমপক্ষে ৮ জনের, আহত ১০
    এই সময় | ১৬ এপ্রিল ২০২৬
  • অন্ধ্রপ্রদেশের কুর্নুল জেলায় মন্ত্রালয়ম মণ্ডলের চিলকালদোনার কাছে বৃহস্পতিবার ভোররাতে একটি ট্যাঙ্কারের সঙ্গে পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ। ভয়াবহ এই পথ দুর্ঘটনায় কমপক্ষে ৮ জন তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরও প্রায় ১০ থেকে ১২ জন।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার ভোরে ন্যাশনাল হাইওয়ে ১৬৭-এ ধর্মপুর টোল প্লাজার কাছাকাছি দুর্ঘটনা ঘটে। একটি পিকআপ ভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্যাঙ্কারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ধাক্কার অভিঘাতে ছিটকে পড়ে ভ্যান। উল্টে যায় ট্যাঙ্কারও।

    জানা গিয়েছে, পিকআপ ভ্যানে ছিলেন ২১ জন তীর্থযাত্রী। ঘটনাস্থলেই আটজনের মৃত্যু হয়। মৃতদের মধ্যে পাঁচজন মহিলা, তিন বছরের এক শিশুকন্যা ও দু'জন পুরুষ। আহতদের দ্রুত নিকটবর্তী হাসপাতালে ভর্তি করানো হয়। পরে কয়েকজনকে কুর্নুলের হাসপাতালে রেফার করা হয়েছে।

    পুলিশ সূত্রে খবর, তীর্থযাত্রীরা কর্নাটকের বাসিন্দা। তাঁরা মন্দিরে পুজো দিতে যাচ্ছিলেন। সেই সময়েই ঘটে দুর্ঘটনা। কী কারণে এই ঘটনা তার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। অতিরিক্ত গতি, ড্রাইভারের অসতর্কতা বা গাড়ির অন্য কোনও প্রযুক্তিগত ত্রুটির ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

    ইয়েম্মিগানুর মহকুমার ডিএসপি ভার্গবী জানিয়েছেন, উন্নত চিকিৎসার জন্য সাতজন আহত ব্যক্তিকে পরে কুর্নুলে স্থানান্তর করা হয়েছে এবং আরও চারজন একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। একজনের অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে। তিনি আরও বলেন, তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

  • Link to this news (এই সময়)