• কলকাতায় জারি কমলা সতর্কতা
    আজকাল | ১৬ এপ্রিল ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক:‌ কলকাতায় ঝড়বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টির সঙ্গে ৩০–৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে। বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতার আকাশ মেঘলা। বিক্ষিপ্তভাবে বৃষ্টিও শুরু হয়ে গিয়েছে কোথাও কোথাও।

    হাওয়া অফিসের তরফে সকাল সাড়ে আটটা নাগাদ বিজ্ঞপ্তি দিয়ে পরবর্তী এক–দু’ঘণ্টার জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। বজ্রবিদ্যুৎ–সহ হালকা ও মাঝারি বৃষ্টির পূর্বাভাস ছাড়াও ঝোড়ো হাওয়ার সতর্কবার্তাও দেওয়া হয়েছে। বাসিন্দাদের নিরাপদ জায়গায় থাকার কথা বলা হয়েছে। 

    হাওয়া অফিসের তরফে এটাও জানানো হয়েছে যে, বৃহস্পতিবার সারা দিন কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে। বিকেলের দিকে বজ্রপাত এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে, বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ–সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৫০–৬০ কিলোমিটার বেগে ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তর ২৪ পরগনা, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং নদিয়ায়। বাকি জেলাগুলিতে ঝড়ের গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৩০–৪০ কিলোমিটার। উত্তরবঙ্গের জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

    উত্তরবঙ্গের দার্জিলিং, আলিপুরদুয়ার, কালিম্পং, জলপাইগুড়ি ও কোচবিহারেও বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝড় বইবার আশঙ্কা থাকছে। রবিবার পর্যন্ত উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবারও বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে। সেই সঙ্গে ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবার সম্ভাবনা। 

    হাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার সারা দিনে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা থাকতে পারে ৯৪ শতাংশ। 

    হাওয়া অফিস সূত্রে খবর, একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে উত্তর বাংলাদেশ এবং পার্শ্ববর্তী এলাকার উপর। এর উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে ০.৯ কিলোমিটার। যার জেরেই ঝড়বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে।

    এছাড়া উত্তর–পশ্চিম বিহার থেকে মণিপুর পর্যন্ত একটা পূর্ব–পশ্চিম অক্ষরেখাও তৈরি হয়েছে। এর ফলে প্রচুর জলীয় বাষ্প বঙ্গোপসাগর থেকে স্থলভাবে প্রবেশ করছে। সেই কারণে ১৬ থেকে ১৭ এপ্রিল দক্ষিণবঙ্গের একটা বড় অংশে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।  
  • Link to this news (আজকাল)