• আজ দিনভর দক্ষিণবঙ্গে কালবৈশাখীর পূর্বাভাস, ৫ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের সতর্কতা
    আজ তক | ১৬ এপ্রিল ২০২৬
  • কলকাতায় ফের কালবৈশাখীর আমেজ। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী এক থেকে দু’ঘণ্টার মধ্যেই শহরের বিভিন্ন অংশে বৃষ্টি নামতে পারে, সঙ্গে বইতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগের ঝোড়ো হাওয়া।

    সকাল থেকেই কালো মেঘে ঢেকে গিয়েছে আকাশ, কোথাও কোথাও ইতিমধ্যেই শুরু হয়েছে হালকা বৃষ্টি।
    সকাল ৮টা ৩৬ মিনিটে আবহাওয়া দফতরের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে কলকাতার জন্য কমলা সতর্কতা ঘোষণা করা হয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনার পাশাপাশি ঝোড়ো হাওয়ার সতর্কবার্তাও দেওয়া হয়েছে। বাসিন্দাদের অপ্রয়োজনে বাইরে না বেরিয়ে নিরাপদ স্থানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

    আবহাওয়াবিদদের মতে, স্থানীয় স্তরে বজ্রগর্ভ মেঘের সৃষ্টি হওয়ার ফলেই এই পরিবর্তন। তাই সকাল থেকেই শহরের আকাশ মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে এবং বিক্ষিপ্তভাবে বৃষ্টিও শুরু হয়েছে।

    এদিকে বৃহস্পতিবারও কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। বিকেলের দিকে বজ্রপাত-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুধু কলকাতাই নয়, দক্ষিণবঙ্গের সব জেলাতেই বুধবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। উত্তর ২৪ পরগনা, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং নদিয়ায় ঝড়ের গতি ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। অন্য জেলাগুলিতে এই গতি ৩০ থেকে ৪০ কিলোমিটার থাকতে পারে। উত্তরবঙ্গেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

    তাপমাত্রার নিরিখে বৃহস্পতিবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে প্রায় ৩৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের কাছাকাছি। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৪ শতাংশ পর্যন্ত পৌঁছাতে পারে, ফলে ভ্যাপসা গরমের অস্বস্তিও বজায় থাকবে।

     
  • Link to this news (আজ তক)