ডিএ দেওয়া শুরুর স্টেটাস রিপোর্ট রাজ্যের, টিকল না কর্মচারীদের অভিযোগ
বর্তমান | ১৬ এপ্রিল ২০২৬
নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: রাজ্য সরকারি কর্মচারীদের বর্ধিত হারে প্রাপ্য বকেয়া ডিএ’ (ডিয়ারনেস অ্যালাউন্স) মামলায় বুধবার সুপ্রিম কোর্টে একটি স্টেটাস রিপোর্ট জমা দিল পশ্চিমবঙ্গ সরকার। আদালতের নির্দেশ মতো ডিএ’র বকেয়া অংশ মেটানোর প্রক্রিয়া শুরু করে দেওয়ার কথা জানিয়েছে রাজ্য। বলেছে, ২০১৬-১৯ সালের সময়কালে কর্মরতদের বকেয়া ডিএ’র প্রায় ৫০ শতাংশ মেটানো হয়ে গিয়েছে বলেই জানিয়েছে রাজ্য সরকার। এখনো পর্যন্ত প্রায় ছ’ হাজার কোটি টাকারও বেশি দেওয়া হয়ে গিয়েছে বলেও এদিন আদালতে জানিয়েছেন রাজ্য সরকারের আইনজীবী কপিল সিবাল।
ফলে কর্মচারী সংগঠনের পক্ষে ডিএ দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করা হলেও তা ধোপে টিকল না। আদালত অবমাননার মামলা করা কর্মী সংগঠনের পক্ষে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য এবং রউফ রহিম এ ব্যাপারে সওয়াল করতে গেলে শুনানির পর্যবেক্ষণে বিচারপতি সঞ্জয় কারোল বলেন, ‘কিছু তো পেয়েছেন। বলুন পেয়েছেন কিনা? তাহলে?’ সেই মতো সুপ্রিম কোর্ট জানিয়েছে, আগামী ৬ মে পরবর্তী শুনানি হবে। বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রর বেঞ্চে বুধবার ছিল শুনানি। কর্মচারী সংগঠনকে আদালত জানিয়েছে, সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি ইন্দু মালহোত্রার সভাপতিত্বে বিশেষ কমিটির আগামী ২৭ এপ্রিল বৈঠক রয়েছে। সেখানে আপনাদের বক্তব্য জানান।
৬২ পাতার স্টেটাস রিপোর্টে রাজ্য সরকার জানিয়েছে, ২০১৬-’১৯ সালের বকেয়ার মেটানোর কাজ শুরু হয়েছে। বাকি ২০০৮-‘১৫ সময়ের রেকর্ড কম্পিউটারাইজড নেই। তাই কমিটিই জানিয়েছিল, যে রেকর্ড রেডি আছে সেটা আগে মেটানোর প্রক্রিয়া শুরু করতে। সেই মতো স্টেটাস রিপোর্টে সরকার জানিয়েছে, ২০১৬-’১৯ সালের সময়কালে ৩ লক্ষ ৪৮ হাজার ১২৭ জন কর্মরত রাজ্য সরকারি কর্মচারীর জন্য মোট ৪ হাজার ৭৯৪ কোটি ৬৬ লক্ষ ২ হাজার ৯৪৫ টাকা দিয়ে দেওয়া হয়েছে। গত ১০ এপ্রিল তারিখ মোতাবেক এই হিসেব। আরও স্পষ্ট করে রাজ্য বলেছে, কর্মরত গ্রুপ এ, বি এবং সি’র ২ লক্ষ ৮ হাজার ৫০০ কর্মীর জন্য ২ হাজার ৮৬৬ কোটি ১৪ লক্ষ ৮৯ হাজার ৯৪৬ কোটি টাকা তাঁদের জেনারেল প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে দেওয়া হয়েছে। কর্মরত ২৯ হাজার ২৩১ জন গ্রুপ ডি’ কর্মীর জন্য ২১৮ কোটি ৮৬ লক্ষ ৫৩ হাজার ৫৩৭ টাকা তাঁদের ব্যাঙ্কে নগদ ট্রান্সফার করা হয়েছে। একইভাবে ১ লক্ষ ১০ হাজার ৩৯৬ জন অবসরপ্রাপ্ত তথা প্রয়াত কর্মীকে ১ হাজার ৭০৯ কোটি ৬৪ লক্ষ ৫৯ হাজার ৪৬২ টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছে।