ভোটকেন্দ্রে খোলা বুথে বাঁশের ঘেরাটোপের নির্দেশ, সংবেদনশীল কেন্দ্রে তিন ক্যামেরা
দৈনিক স্টেটসম্যান | ১৬ এপ্রিল ২০২৬
আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিরাপত্তা ব্যবস্থা আরও কড়া করল নির্বাচন কমিশন। যেসব ভোটকেন্দ্রে স্থায়ী সীমানা প্রাচীর নেই, সেখানে অস্থায়ী ভাবে বাঁশের ঘেরাটোপ তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি সংবেদনশীল বুথগুলিতে বসানো হবে তিনটি করে নজরদারি ক্যামেরা।
রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে জানা গিয়েছে, একাধিক ভোটকেন্দ্র স্কুল ভবনে রয়েছে, যেগুলির চারপাশে কোনও সীমানা প্রাচীর নেই। ফলে সহজেই বাইরে থেকে অননুমোদিত ব্যক্তিরা ভিতরে ঢুকে পড়ার আশঙ্কা থাকে। এই পরিস্থিতি মোকাবিলায়ই নতুন এই নির্দেশ।
বিশেষ করে জঙ্গলঘেরা বা দূরবর্তী এলাকায় থাকা ভোটকেন্দ্রগুলিতে নিরাপত্তা ঝুঁকি বেশি বলে মনে করছে কমিশন। তাই সেখানে বাঁশের বেড়া দিয়ে ঘিরে ফেলার পাশাপাশি অতিরিক্ত নিরাপত্তা কর্মী মোতায়েন করা হবে।
একই সঙ্গে ভোটপ্রক্রিয়ায় নজরদারি বাড়াতে সংবেদনশীল বুথে তিনটি এবং অন্যান্য বুথে দুটি করে ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংবেদনশীল বুথে দুটি ক্যামেরা বুথের ভিতরে এবং একটি বাইরে থাকবে। অন্য বুথে একটি ভিতরে ও একটি বাইরে বসানো হবে।
কমিশনের তরফে আরও জানানো হয়েছে, বুথস্তরের কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের হাতে ভোটের স্লিপ তুলে দিতে হবে। কোনও অবস্থাতেই এই দায়িত্ব রাজনৈতিক দলের প্রতিনিধিদের হাতে তুলে দেওয়া যাবে না বলে কড়া নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়া ভোটকেন্দ্রে কর্মরত আধিকারিকদের নিরপেক্ষতা বজায় রাখার জন্য একাধিক নির্দেশ জারি হয়েছে। কোনও রাজনৈতিক দলের কাছ থেকে খাবার বা অন্য কোনও সহায়তা গ্রহণ না করারও পরামর্শ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, এ বার দুই দফায় ভোটগ্রহণ হবে। প্রথম দফার ভোট ২৩ এপ্রিল এবং দ্বিতীয় দফার ভোট ২৯ এপ্রিল। ফল ঘোষণা হবে ৪ মে।