পথদুর্ঘটনায় মৃত ২ যুবক, নাতির প্রয়াণে হৃদরোগে মৃত্যু ঠাকুমারও
বর্তমান | ১৬ এপ্রিল ২০২৬
সংবাদদাতা, বারুইপুর: অনুষ্ঠান সেরে বাড়ি ফেরার পথে একটি সবজিবাহী গাড়ির ধাক্কায় মৃত্যু হল দুই যুবকের। মৃতদের নাম বিকি মণ্ডল (২২) এবং সুভাষ মণ্ডল (৩৫)। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে, জয়নগর থানার ব্যাজরা মলিঘাটি এলাকায়। নববর্ষের দিন দুর্ঘটনায় এভাবে দুই যুবকের মৃত্যুতে এলাকায় শোরগোল পড়ে যায়। এদিকে, নাতি বিকি মন্ডলের মৃত্যুর খবর সহ্য করতে পারেননি তাঁর ঠাকুমা মলিনা মণ্ডল (৬০)। হৃদরোগে মৃত্যু হয় তাঁর। দুর্ঘটনার খবর পেয়ে জয়নগর থানার পুলিশ ঘটনাস্থলে যায়। ঘাতক গাড়িটি পলাতক। সেই গাড়ির সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ। তারা দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, বাড়ি ফেরার পথে বাইক দাঁড় করিয়েছিলেন ওই দুই যুবক। তখন জয়নগরের দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি সবজিবোঝাই গাড়ি পিছন থেকে তাঁদের ধাক্কা দেয়। এতে তাঁরা রাস্তা থেকে দূরে ছিটকে পড়েন। স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে জয়নগরের পদ্মেরহাট গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। কিন্তু সেখানে চিকিৎসকরা তাঁদের মৃত ঘোষণা করেন। এরপর একমাত্র নাতি বিকি মণ্ডলের মৃত্যুর খবর বাড়িতে পৌঁছতে হৃদরোগে মারা যান তাঁর ঠাকুমাও। স্থানীয় বাসিন্দারা জানান, সুভাষের বাইকেই বাড়ি ফিরছিলেন দু’জন। সুভাষের বাবা কয়েক মাস আগেই ছেলের জন্য বাইক কিনে দিয়েছিলেন। কিন্তু এইভাবে তাঁর মৃত্যু হবে, ভাবেননি কেউ। নিজস্ব চিত্র