নিজস্ব প্রতিনিধি, কলকাতা ও নয়াদিল্লি: সিবিএসই-র দশম শ্রেণির প্রথম পর্যায়ের পরীক্ষার ফল প্রকাশিত হল বুধবার। পরীক্ষা শেষ হয়েছিল ১১ মার্চ। অর্থাৎ, ৩৫ দিনের মাথায় ফল প্রকাশ করে দিল কেন্দ্রীয় স্কুল বোর্ডটি। পরীক্ষায় বসেছিল ২৪ লক্ষ ৭১ হাজার ৭৭৭ জন ছাত্রছাত্রী। তাদের মধ্যে পাশ করেছে ২৩ লক্ষ ১৬ হাজার ৮ জন। মোট পাশের হার ৯৩.৭০ শতাংশ, যা গত বছরের তুলনায় ০.৪ শতাংশ বেশি। পশ্চিমবঙ্গ তথা কলকাতা রয়েছে সিবিএসই-র ভুবনেশ্বর রিজিয়নে। এই রিজিয়নে পাশের হার ৯৪.৭৮ শতাংশ। এবার ছাত্রীদের পাশের হার ৯৪.৯৯ শতাংশ। আগের বছরের তুলনায় কিছুটা কমেছে এই হার। ছেলেদের পাশের হার ৯২.৬৯ শতাংশ। গতবছরের তুলনায় তা কিছুটা বেশি। প্রসঙ্গত, সবধরনের সিবিএসই স্কুলের মধ্যে কেন্দ্রীয় বিদ্যালয়ের পাশের হার সর্বোচ্চ। ৯৯.৫৭ শতাংশ পরীক্ষার্থীই পাশ করেছে। সিবিএসই পরীক্ষার নিয়ন্ত্রক সন্যম ভরদ্বাজ জানিয়েছেন, জাতীয় শিক্ষা নীতির আওতায় দশমের এটিই প্রথম বোর্ড পরীক্ষা, যা বছরে দু’বার হবে। দ্বিতীয় পরীক্ষাটি হবে মে মাসে।