পরিবর্তন? রাজ্যপালের রাজনৈতিক মন্তব্যে তীব্র বিতর্ক বঙ্গে
বর্তমান | ১৬ এপ্রিল ২০২৬
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজভবনে বসে ফের ‘বিজেপি মুখপাত্রে’র ভূমিকায় রাজ্যপাল! জগদীপ ধনকার, সি ভি আনন্দ বোসের পর এবার আর এন রবির বিরুদ্ধেও উঠল একই অভিযোগ। বুধবার নববর্ষের দিনে ভোটমুখী বাংলার তরুণ প্রজন্মকে সরাসরি পরিবর্তনের অংশ হওয়ার শপথ নিতে বলে বিতর্কে জড়ালেন তিনি। বিধানসভা নির্বাচন ঘোষণার ঠিক আগেই আর এন রবিকে পশ্চিমবঙ্গের রাজ্যপাল পদে নিয়োগ করা হয়েছে। নিযুক্ত হওয়ার একমাসের মধ্যেই পরোক্ষে বিজেপির হয়ে পরিবর্তনের ডাক তাঁর গলায়! রাজ্যপালের এহেন ভূমিকায় প্রবল ক্ষুব্ধ তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন নাম না করেই ‘বাংলার লাটসাহেব’ বলে তীব্র কটাক্ষও ছুড়ে দিয়েছেন।
জানা গিয়েছে, কলকাতার রাজভবনে আর এন রবির প্রথম নববর্ষ উৎযাপন ছিল এদিন। আর সেই মঞ্চ ব্যবহার করেই রাজ্যের তরুণ প্রজন্মের উদ্দেশে তিনি বলেন, ‘ইতিবাচক হওয়ার প্রতিজ্ঞা করুন। পরিবর্তনের অংশ হওয়ার প্রতিজ্ঞা করুন। উন্নততর হওয়ার, গৌরব পুনরুদ্ধার করার এই পরিবর্তন আকাশ থেকে পড়বে না। এটা আমাদেরই করতে হবে।’ একই সঙ্গে পশ্চিমবঙ্গের অতীত ও বর্তমান পরিস্থিতির তুলনা টানেন রাজ্যপাল। মাথা পিছু আয় এবং শিক্ষা ব্যবস্থাতেও রাজ্যের পিছিয়ে থাকার কথাও উল্লেখ করেন।
রবির এই মন্তব্যের পিছনে রাজনৈতিক অভিসন্ধি দেখছে তৃণমূল। এদিনই উত্তর দিনাজপুরের ইসলামপুরের সভা থেকে রাজ্যপালের নাম না করেই সুর সপ্তমে তুলেছেন মমতা। তিনি বলেন, ‘বাংলার লাটসাহেব, সবচেয়ে বড় বাড়িতে যিনি থাকেন, আমি নাম নেব না, আজ বিবৃতি দিয়েছেন। আজ নববর্ষ, বাংলার মানুষকে অভিনন্দন জানান। কিন্তু উনি আমাকে গালি দিয়েছেন। আগে তো অশান্তি হত না। এখন আপনাদের অধীনে আসার পর প্রতিদিন অশান্তি হচ্ছে। আমাদের হাতে এখন আইনশৃঙ্খলা নেই। নির্বাচন কমিশন এবং কেন্দ্রের কাছে রয়েছে।’ তৃণমূলের মুখপাত্র অরুপ চক্রবর্তীও বলেন, ‘রাজ্যপালের মতো সাংবিধানিক পদে বসে এমন মন্তব্য করা যায় না। উনি এই মন্তব্য বিজেপির পার্টি অফিস থেকে করলে ভালো হত!’