• সংঘর্ষ থামাতে গিয়ে নাদিয়ালে আক্রান্ত পুলিশ, গ্রেপ্তার ছয়
    বর্তমান | ১৬ এপ্রিল ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শাসক দলের দুই গোষ্ঠীর সংঘর্ষ ঘিরে উত্তপ্ত হয়ে উঠল নাদিয়াল থানা এলাকার বদরতলা। মঙ্গলবার রাত দশটা নাগাদ এই ঘটনা ঘটেছে। গোলমাল থামাতে গিয়ে আক্রান্ত হতে হয় পুলিশকে। ছয় পুলিশকর্মী আহত হন বলে অভিযোগ। ভাঙচুর করা হয় পুলিশের একটি গাড়ি। ঘটনায় জড়িত সন্দেহে ছ’জনকে গ্রেপ্তার করেছে থানা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বদরতলা এলাকায় দখল কে রাখবে তা নিয়ে শাসক দলের দুই গোষ্ঠীর মধ্যে অনেকদিন ধরে গোলমাল চলছিল। মঙ্গলবার এই নিয়ে উত্তেজনা চরমে ওঠে। স্থানীয়দের অভিযোগ, মূলত তোলাবাজি নিয়ে ঝামেলার সূত্রপাত। দুপক্ষ একে অপরকে লক্ষ্য করে ইট পাটকেল ছুড়তে থাকে। লাঠি দিয়ে মারধর শুরু হয়। এলাকা রণক্ষেত্রের চেহারা নেয়। খবর পেয়ে আসে নাদিয়াল থানার পুলিশ। গোলমাল থামাতে গেলে পুলিশ কর্মীদের মারধর করা হয় বলে অভিযোগ। তাঁদের গাড়ি ভাঙচুর চলে। পরে বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি আয়ত্তে আনে। ছয় পুলিশকর্মী আহত হন। কর্মচারীদের বাধাদান, মারধরসহ একাধিক ধারায় অভিযোগ এনে গ্রেপ্তার করা হয় ছ’জনকে।
  • Link to this news (বর্তমান)