• ‘ঐতিহাসিক পদক্ষেপ’, মহিলা সংরক্ষণ সংক্রান্ত বিল নিয়ে বার্তা মোদীর, ভাষণ দেবেন কখন?
    এই সময় | ১৬ এপ্রিল ২০২৬
  • মহিলা সংরক্ষণ কার্যকর করার বিল বৃহস্পতিবার লোকসভায় পেশ করেছে নরেন্দ্র মোদী সরকার। তার আগে এই বিল নিয়ে এক্স হ্যান্ডলে বার্তা দিলেন প্রধানমন্ত্রী। সরকারের এই পদক্ষেপকে ঐতিহাসিক আখ্যাও দেন তিনি।

    প্রধানমন্ত্রী এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘আজ থেকে শুরু হওয়া সংসদের বিশেষ অধিবেশনে আমাদের দেশ নারী ক্ষমতায়নের লক্ষ্যে এক ঐতিহাসিক পদক্ষেপ করতে চলেছে। আমাদের মা-বোনেদের প্রতি শ্রদ্ধা মানেই দেশের প্রতি শ্রদ্ধা—এই ভাবনাকে পাথেয় করেই আমরা অত্যন্ত দৃঢ় ভাবে এই পথে এগিয়ে চলেছি। আপনারা নিজেদের উজ্জ্বল কিরণ দিয়ে বিশ্বকে আলোকিত করুন।’

    বৃহস্পতিবার থেকে সংসদে তিন দিনের বিশেষ অধিবেশন মোট তিনটি বিল আনার কথা ঘোষণা করেছে মোদী সরকার। এক, সংবিধানের ১৩১-তম সংশোধনী বিল। দুই, আসন পুনর্বিন্যাস বিল। তিন, কেন্দ্রশাসিত অঞ্চল আইন সংশোধনী বিল। মহিলা সংরক্ষণ কার্যকর করতেই এই বিল আনার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। বিরোধীরাও বুধবার জানিয়ে দিয়েছে, তারা কেন্দ্রের বিলের বিরোধিতা করবে। ২০২৯ সালের লোকসভা নির্বাচনের সময় থেকেই সংসদে ৩৩ শতাংশ মহিলা সংরক্ষণ চালু করা হোক— কেন্দ্রীয় সরকারের এই প্রস্তাবে তারা সম্মতি জানালেও, সারা দেশে লোকসভার আসন পুুনর্বিন্যাস বা ডিলিমিটেশন সংক্রান্ত কেন্দ্রীয় পদক্ষেপের তীব্র বিরোধিতা করার সিদ্ধান্ত নিয়েছে।

    বুধবার নয়াদিল্লিতে কংগ্রেস সভাপতি ও রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গের বাসভবনে বৈঠকে বসেছিল বিরোধী শিবিরের সংসদীয় নেতৃত্ব৷ সেখানে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছে,২০১১ সালের জনগণনার ভিত্তিতে লোকসভার বর্তমান আসন সংখ্যা ৫৪৩ অটুট রেখে যদি সরকার ৩৩ শতাংশ মহিলা সংরক্ষণ কার্যকর করতে চায়, তাহলে বিরোধীরা সেই পদক্ষেপকে স্বাগত জানাবে৷ কিন্তু সরকার যদি মহিলা সংরক্ষণ দেওয়ার নামে লোকসভার আসন পুনর্বিন্যাস করে ৫৪৩-র বদলে ৮৫০ করতে উদ্যত হয়, তাহলে সংসদীয় কক্ষে দাঁড়িয়েই সরকারের এই পদক্ষেপের তীব্র বিরোধিতা করা হবে।

  • Link to this news (এই সময়)