• ‘মাতৃশক্তি ভরসা কার্ড’-এর ফর্ম বিলি জেলায় জেলায়, BJP-র বিরুদ্ধে কমিশনের দ্বারস্থ তৃণমূল
    এই সময় | ১৬ এপ্রিল ২০২৬
  • ২১-এর নির্বাচনের আগে ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই প্রকল্পই এ বারের নির্বাচনে তৃণমূলের প্রধান অস্ত্র। এর সঙ্গেই যুঝতে বিজেপির হাতিয়ার ‘মাতৃশক্তি ভরসা কার্ড’। ইস্তেহারে মহিলাদের জন্য ৩০০০ টাকা দেওয়ার ঘোষণা করেই ক্ষান্ত হয়নি বিজেপি, বুধবার সাড়ম্বরে সেই ‘প্রতীকী কার্ড’-এর উদ্বোধন করা হয়। তৃণমূলের অভিযোগ, এর পর থেকেই জেলায় জেলায় ‘মাতৃশক্তি ভরসা কার্ড’-এর জন্য ফর্ম বিলি শুরু করেছে বিজেপি। বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানাল তৃণমূল।

    তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েনের তরফে নির্বাচন কমিশনে একটি চিঠি পাঠানো হয়েছে। সেখানে জানানো হয়েছে, বিজেপির প্রতিশ্রুতি দেওয়া প্রকল্পের ফর্ম বিলি করা হচ্ছে, যা নির্বাচনের আদর্শ আচরণবিধি লঙ্ঘন করছে। যে সময়ে এবং যে ভাবে এই ফর্ম বিলি করা হচ্ছে, সেটা কোনও সাধারণ কর্মসূচি নয়, ভোটের কথা মাথার রেখে সুপরিকল্পিত ভাবেই এই ফর্ম বিলি করা হচ্ছে ভোটারদের প্রভাবিত করতে। মূলত মহিলা ভোটারদের প্রভাবিত করতেই এই ফর্ম বিলি করা হচ্ছে।

    বুধবার কলকাতায় সাংবাদিক বৈঠক এবং ‘মাতৃশক্তি ভরসা কার্ড’ উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন বিজেপি নেত্রী স্মৃতি ইরানি এবং বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তৃণমূলের চিঠিতে শুভেন্দু অধিকারী, স্মৃতি ইরানি এবং এই কর্মসূচির সঙ্গে যুক্ত সকল কর্মকর্তাকে শোকজ করার জন্য আবেদন করা হয়েছে। পাশাপাশি, ভোটের মুখে এই কর্মসূচি যাতে বন্ধ করা হয়, তার জন্য আবেদন জানানো হয়েছে।

    উল্লেখ্য, বুধবার বাগদা বিধানসভা এলাকায় এই ধরণের ফর্ম বিক্রির অভিযোগে এক জনকে আটক করা হয়েছে। শুধু বাগদা নয়, আরও কয়েকটি কেন্দ্রে এই ফর্ম বিলি করা হচ্ছে বলেও তৃণমূলের অভিযোগ।

    যদিও বিষয়টি নিয়ে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, ‘আমরা পার্টির তরফে ফর্ম ফিলাপ করাচ্ছি যাতে ৪ মে-র পরে আমরা দ্রুত টাকা দিতে পারি। ফর্ম ফিলাপ করালে অসুবিধা কোথায়? তৃণমূল তো ২০২১ সালে লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম ফিলআপ করিয়েছিল। আমরা টাকা দেব ফলপ্রকাশের পরে।’

  • Link to this news (এই সময়)