• হিঙ্গলগঞ্জে বিএসএফ ক্যাম্পে ভয়াবহ আগুন, এক জওয়ানের মৃত্যু
    এই সময় | ১৬ এপ্রিল ২০২৬
  • হিঙ্গলগঞ্জে BSF ক্যাম্পে ভয়াবহ আগুন। ভিতরে আটকে মৃত্যু এক জওয়ানের। বৃহস্পতিবার সকালে এই আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন। প্রাথমিক অনুমান, শর্ট সার্কিটের জেরে এই আগুন লাগে। সেই সময়ে রাম সিং নামে এক জওয়ান ভিতরে ছিলেন। তিনি আর বেরোতে পারেননি। সেখানেই তাঁর মৃত্যু হয়।

    বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ থানার বড় বাঁকড়া এলাকায় সীমান্তরক্ষী বাহিনীর ৭৭ নম্বর ব্যাটালিয়ানের ক্যাম্প রয়েছে। সেই ক্যাম্পেরই জ্বালানির ঘরে এ দিন আগুন লাগে। চারদিক কালো ধোঁয়ায় ঢেকে যায়। মুহূর্তের মধ্যে সেই কালো ধোঁয়া ঢেকে ফেলে গোটা এলাকা। ভয়ে আতঙ্কে ছোটাছুটি শুরু করেন স্থানীয় বাসিন্দারা।

    এর পরে তাঁরাই বালতি ভরে জল এনে ঢালতে শুরু করেন। ততক্ষণে যদিও ক্যাম্পের ওই ঘর কার্যত আগুনের গ্রাসে চলে গিয়েছে। খবর পেয়ে আসে দমকলের গাড়ি, হিঙ্গলগঞ্জ থানার পুলিশ। খবর ছড়ায় ভিতরে একজন ছিলেন। আগুন নিয়ন্ত্রণে আসার পরে ওই জওয়ানকে ভিতর থেকে উদ্ধার করা হয়। ততক্ষণে তাঁর মৃত্যু হয়েছে।

    যা খবর, BSF নদীপথে টহলের জন্য যে ভেসেল ব্যবহার করে, তারই জ্বালানি রাখা ছিল ওই ঘরে। আগুন লাগার ঠিক আগের মুহূর্তে তেল আনতে ওই ঘরে গিয়েছিলেন জওয়ান রাম সিং। আর বেরোতে পারেননি।

    স্থানীয়রা প্রাথমিক ভাবে চেষ্টা করেন আগুন নেভানোর। পুলিশ এসে বালিও ঢালতে শুরু করে। পরবর্তীতে লেবুখালি থেকে দমকলে গাড়ি এসে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে।

  • Link to this news (এই সময়)