এই সময়, মালদা: ভোটদান আটকাতে মালদার চাঁচল মহকুমার হরিশ্চন্দ্রপুর বিধানসভার ১৭ জন বাসিন্দাকে ওডিশায় বাংলাদেশি সন্দেহে আটকে রাখা হয়েছে বলে অভিযোগ। এই ঘটনার পিছনে বিজেপির ষড়যন্ত্র রয়েছে বলে তৃণমূল নেতৃত্বের অভিযোগ। যদিও বিজেপি এই অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছে।
হরিশ্চন্দ্রপুর বিধানসভা কেন্দ্রের ভিঙ্গোল গ্রাম পঞ্চায়েতের বৈরাট এলাকার পাঁচ–সহ মোট ১৭ জন ওডিশার বেলাগুঠা এলাকায় কাপড় সহ বিভিন্ন সামগ্রী ফেরি করেন। গত ছ’মাস ধরে তাঁরা সেখানে আছেন। ভোটের জন্য বাড়ি ফিরতে মঙ্গলবার রাতে তাঁদের ট্রেন ধরার কথা ছিল। কিন্তু ট্রেনে ওঠার আগেই ওডিশা পুলিশ ওই ১৭ জনকে আটকে রেখেছে বলে অভিযোগ।
আটক পরিযায়ী শ্রমিকের পরিবারের সদস্য ইমরান শেখ, মাহিদুল শেখ বলেন, ‘কী কারণে এই ১৭ জনকে পুলিশ ধরেছে, তা পরিষ্কার করে জানানো হয়নি। জানতে পেরেছি স্টেশনের বাইরে বাংলা ভাষায় কথা বলছিল বলে বাংলাদেশি সন্দেহ ওদের পুলিশ ধরে। বৈধ নাগরিকত্বের নথি দেখানোর পরেও ছাড়া হয়নি।’ এই ঘটনায় এদিন হরিশ্চন্দ্রপুর বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যকে একদল মানুষের বিক্ষোভের মুখে পড়তে হয়। যদিও তিনি এব্যাপারে কোনও মন্তব্য করেননি। উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু বলেন, ‘প্রকৃত কী ঘটেছে, অবশ্যই তা খোঁজ নিয়ে দেখা হবে।’
তৃণমূলের জেলা সভাপতি তথা মালতিপুরের প্রার্থী আব্দুর রহিম বক্সী বলেন, ‘এটাই হচ্ছে বিজেপির আসল চরিত্র। এর যোগ্য জবাব এবারের ভোট বাক্সেই মানুষ বুঝিয়ে দেবেন।’