• হুমায়ুনের বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলের
    আজকাল | ১৬ এপ্রিল ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক:‌ হুমায়ুন কবীরের বিরুদ্ধে কমিশনে নালিশ জানাল তৃণমূল কংগ্রেস। রাজ্য নির্বাচন কমিশনকে দেওয়া চিঠিতে তৃণমূল জানিয়েছে, ‘‌বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। যেখানে আম জনতা উন্নয়ন পার্টির (এজেইউপি) প্রতিদ্বন্দ্বী প্রার্থী হুমায়ুন কবীরকে একটি সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে দেখা গেছে। তিনি বেলডাঙা ২ ব্লকের মইনুল হক রানাকে লক্ষ্য করে অপমানজনক মন্তব্য করেন।’‌ চিঠিতে তৃণমূল আরও জানিয়েছে, ‘‌এমনকী তিনি সাংসদ অভিষেক ব্যানার্জি, তাঁর ব্যক্তিগত সচিব সুমিত রায় ও তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত অন্যান্য ব্যক্তিদের অপমানজনক ও মানহানিকর মন্তব্য করেছেন।’‌

    তৃণমূলের আরও অভিযোগ, ‘‌এই ভিডিও থেকেই স্পষ্ট হুমায়ুন কবীর আসন্ন বিধানসভা ভোটের সুষ্ঠু পরিবেশকে নষ্ট করার চেষ্টা করছেন। ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছেন।’‌ তৃণমূলের অভিযোগ, হুমায়ুন কবীর নাকি খুনের হুমকিও দিয়েছেন।

    তৃণমূলের দাবি, ভোটের আগে এমন কোনও মন্তব্য করা উচিত নয়, যা নেতাদের ব্যক্তিগত জীবনে প্রভাব ফেলে। এমনকী কাউকে ব্যক্তিগত আক্রমণ করাও উচিত নয়। ভোটারদের ঘুষ দেওয়া, ভয় দেখানো, ভোটকেন্দ্রের ১০০ মিটারের মধ্যে প্রচার চালানো কাম্য নয়। কোনও কিছু প্রমাণ ছাড়া এই ধরনের মন্তব্য অনুচিত। কমিশনকে কড়া পদক্ষেপের আর্জি জানিয়েছে তৃণমূল। 

    এটা ঘটনা, অভিষেক ব্যানার্জির হাত ধরে তৃণমূলে যোগদান করেছিলেন হুমায়ুন প্রস্তাবিত বাবরি মসজিদ ট্রাস্টের প্রাক্তন কোষাধ্যক্ষ মইনুল হক রানা। তিনি বেলডাঙা ২ ব্লকের বাসিন্দা। তিনি হুমায়ুন প্রস্তাবিত বাবরি মসজিদ ট্রাস্টের কোষাধ্যক্ষ পদে ছিলেন। তিনি তৃণমূলে যোগ দিতেই তাঁকে ‘‌খুন’‌ করার হুমকি দেন হুমায়ুন। তৃণমূলের দাবি, এই খুন করে কবর দেওয়া সংক্রান্ত মন্তব্য বিএনএসের ৩৫৬ ধারা অনুযায়ী কোনও ব্যক্তির সুনাম নষ্ট করা, ৩৫১ ধারা অনুযায়ী ভীতি প্রদর্শন ও ১৭৪ ধারা অনুযায়ী নির্বাচনের আগে প্রভাব বিস্তারের মতো অভিযোগে শাস্তিযোগ্য অপরাধ। এই ঘটনায় হুমায়ুনকে শোকজ করার জন্য নির্বাচনের কমিশনের কাছে আর্জি জানিয়েছে তৃণমূল। পাশাপাশি তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করার আবেদনও জানানো হয়েছে।

    প্রসঙ্গত, এর আগে হুমায়ুনের বিরুদ্ধে কমিশনে নালিশ জানিয়েছিলেন বিজেপি নেতা শিশির বাজোরিয়া। তখন হুমায়ুনকে সতর্কও করেছিল কমিশন। বলা হয়েছিল, এই ধরনের মন্তব্য থেকে আগামী দিনে তাঁকে বিরত থাকতে হবে। কিন্তু ফের বিতর্কিত মন্তব্য করে বসেছেন হুমায়ুন। 

     
  • Link to this news (আজকাল)