• হিঙ্গলগঞ্জে বিএসএফের ক্যাম্পে আগুন, মৃত এক জওয়ান
    আজকাল | ১৬ এপ্রিল ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: ভয়াবহ অগ্নিকাণ্ড হিঙ্গলগঞ্জের বিএসএফ ক্যাম্পে। বিধ্বংসী আগুনে পুড়ে মৃত্যু হয়েছে এক জওয়ানের। বৃহস্পতিবার সকাল ১০টা নাগাদ আগুনটি লাগে। কীভাবে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শুরু করেছে দমক এবং বিএসএফ। 

    জানা গিয়েছে, মৃত জওয়ানের নাম রাম সিং। বৃহস্পতিবার সকালে বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জের বাঁকড়া বিএসএফের ৭৭ নম্বর ব্যাটেলিয়ান ক্যাম্পে পেট্রল মজুদের ঘরে ভয়াবহ আগুন লেগে যায়। এরপরেই ঘটনাস্থলে দমকলের ইঞ্জিন এসে আগুন নেভানোর কাজে হাত দেয়। দমকল ও হিঙ্গলগঞ্জ থানার তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে পাম্পের ঘরে ভিতরে থাকা জওয়ানের মৃত্যু হয়। 

    জানা গিয়েছে, মৃত বিএসএফ জওয়ান রাম সিং বিএসএফের এএসআই ব়্যাঙ্কে ছিলেন। জওয়ানের মৃতদেহ উদ্ধার করে বসিরহাট মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে স্পিডবোটে তেল ভরতে গিয়ে শর্ট সার্কিটের ফলেই পেট্রল ভর্তি ওই ঘরে আগুন লেগে যায়।

    স্থানীয় বাসিন্দা অবনী কৃষ্ণ হালদার জানান, “আনুমানিক সকাল সাড়ে ৯টা থেকে ১০টা নাগাদ বিকট শব্দে আমরা বাইরে বেরিয়ে আসি। দেখতে পাই বিএসএফের পেট্রল মজুদ ঘরে  আগুন লেগে গিয়েছে। বিএসএফের জওয়ান ও আমরা সকলে মিলে বালি এবং জল দিয়ে প্রাথমিকভাবে আগুন নেভানো চেষ্টা করি। এরপরে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নেভানোর কাজে হাত দেয়। ততক্ষণে ওই ঘরে থাকা এক জওয়ান আগুনে পুড়ে যান।”
  • Link to this news (আজকাল)