মমতার গাড়ি সার্চ হয়েছে? অভিষেক-রুজিরার নাম করে হোয়াটসঅ্যাপ নির্দেশ? স্পষ্ট করল কমিশন
আজ তক | ১৬ এপ্রিল ২০২৬
তাঁর গাড়ি তল্লাশি করতে এসেছিল কেন্দ্রীয় বাহিনী। এমনই অভিযোগ তুলে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার এই নিয়ে মুখ খুলল কমিশন। জবাব দিল তৃণমূলের তোলা অভিষেক ও তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি চেকিংয়ের নোটিফিকেশনের অভিযোগ নিয়েও।
কমিশনের জবাব
মনোজ আগরওয়াল CEO, West Bengal এই অভিযোগ প্রসঙ্গে বলেন, 'মাননীয় মুখ্যমন্ত্রীর গাড়ি চেকিং হয়েছে, এই ধরনের কোনও খবর নেই। তবে VVIP-দের গাড়ি সেন্ট্রাল ফোর্স শুধুমাত্র নিজে থেকে সিদ্ধান্ত নিয়ে সার্চ করতে পারেন না। ডিও ম্যাজিস্ট্রেট বা কোন পদাধিকারী এই কাজ করতে পারেন।'
অভিষেক-রুজিরার গাড়ি চেকিংয়ের নির্দেশ?
তৃণমূল দাবি করেছে, কমিশনের পর্যবেক্ষকদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে দলীয় নেতাদের এবং তাঁদের পরিবারের সদস্যদের হেনস্থা করার নির্দেশ দেওয়া হচ্ছে। অভিযোগের কেন্দ্রে রয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাঁর স্ত্রী রুজিরা। হোয়াটসঅ্যাপ গ্রুপে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীর বিরুদ্ধে ভিত্তিহীন ও মানহানিকর তথ্য ছড়ানো হচ্ছে। এমনকী, দিনের আলোয় তাঁর গাড়ি তল্লাশি করার জন্য ফ্লাইং স্কোয়াডকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও অভিযোগ।
হোয়াটসঅ্যাপে নির্দেশ দিচ্ছে কমিশন?
মুখ্য নির্বাচনী আধিকারিক অবশ্য জানান, তাঁর এই বিষয়টি জানা নেই। কোনও সিনিয়র লিডারের গাড়ি সার্চ করার কোনও খবর নেই। তবে কমিশনের গাইডলাইন রয়েছে, যদি কোনও সন্দেহজনক গাড়ি থাকে, তাহলে সার্চ করা যাবে। মনোজ আগরওয়াল বলেন, 'তাঁরা নোটিফিকেশন কোথা থেকে পেয়েছেন, তা তো জানাচ্ছেন না। যদি কোনও গাড়িতে সন্দেহজনক কিছু নিয়ে যাওয়া হচ্ছে বলে মনে হয়, সেক্ষেত্রে তো আর লিখিত অর্ডার করা হবে না। বিষয়টি নিয়ে সে সময়ে হোয়াটসঅ্যাপে নির্দেশ দেওয়া যেতেই পারে।'