• ভোটবঙ্গে হু হু করে ঢুকছে মার্কিন ডলার! সোনা, নগদ-সহ ১ কোটির সামগ্রী উদ্ধার আরপিএফের
    প্রতিদিন | ১৬ এপ্রিল ২০২৬
  • পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের (WB Assembly Election 2026) প্রাক্কালে রাজ্যজুড়ে জারি রয়েছে আদর্শ আচরণবিধি। এই প্রেক্ষাপটে রেলওয়ে প্রোটেকশন ফোর্স (আরপিএফ) বেআইনি কার্যকলাপ রুখতে কড়া নজরদারি চালাচ্ছে। সাম্প্রতিক এক অভিযানে বড় সাফল্য পেয়েছে আরপিএফ। রাজ্যের একাধিক এলাকায় অভিযান চালিয়ে ১ কোটি মূল্যের নগদ ও সোনা উদ্ধার করেছে আরপিএফ। এর মধ্যে মার্কিন ডলারও রয়েছে।

    সম্প্রতি একটি অভিযানে আরপিএফ আধিকারিকরা বামনগাছি রেলস্টেশন থেকে দুই ব্যক্তিকে আটক করে বিপুল পরিমাণ নগদ উদ্ধার করেন। উদ্ধার হওয়া নগদের পরিমাণ ৩২ লক্ষ ৩ হাজার ৯০০ টাকা। এর পাশাপাশি তাঁদের কাছ থেকে ৪৩,০০০ হাজার (৪০ লক্ষ ২ হাজার ৪৪০ টাকা) মার্কিন ডলার বাজেয়াপ্ত করা হয়েছে। সব মিলিয়ে বাজেয়াপ্ত অর্থের পরিমাণ দাঁড়ায় ৭২ লক্ষ ৬ হাজার ৩৪০ টাকা। এই সব নগদের কোনও বৈধ কাগজপত্র দেখাতে পারেননি আটক হওয়া ব্যক্তিরা।

    অন্যদিকে, কলকাতা রেলস্টেশনে আরও একটি সফল অভিযানে দুই ব্যক্তির কাছ থেকে ২৫১.৫১ গ্রাম সোনার গয়না উদ্ধার করা হয়েছে। এই গয়নার আনুমানিক বাজারমূল্য ২৮ লক্ষ ৮৪ হাজার ২৮৪ টাকা। ওই দুই ব্যক্তিকে আটক করে আয়কর দপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে। পাশাপাশি উদ্ধার হওয়া সোনার গয়নাও আয়কর দপ্তরের হাতে তুলে দিয়েছে আরপিএফ। আরপিএফের দাবি, এই ধারাবাহিক ও সুপরিকল্পিত অভিযানের ফলে রেলপথ ব্যবহার করে বেআইনি কার্যকলাপ চালানোর সংখ্যা অনেক কমেছে। চলতি নির্বাচনে এই ধরনের অভিযানের পরিমাণ ও ধারাবাহিকতা আগের নির্বাচনগুলির তুলনায় অনেকটাই বেড়েছে ।

    পূর্ব রেলের আরপিএফের আইজি এবং প্রধান নিরাপত্তা কমিশনার এ. এন. সিনহা নির্বাচনের আগে রাজ্যে বেআইনি কার্যকলাপ রুখতে কড়া নজরদারি চালানোর নির্দেশ দিয়েছেন। তাঁর মতে, এই ধরনের নিরবচ্ছিন্ন অভিযান রেলপথকে নিরাপদ, স্বচ্ছ ও সুশৃঙ্খল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
  • Link to this news (প্রতিদিন)