• খাবারে বিষক্রিয়া! তুফানগঞ্জে একসঙ্গে অসুস্থ ২৪ জওয়ান, আজই রিপোর্ট তলব কমিশনের
    প্রতিদিন | ১৬ এপ্রিল ২০২৬
  • বুধবার সন্ধেয় একের পর এক অসুস্থ হয়ে পড়েন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। প্রথম দফা ভোটের (West Bengal Assembly Election) ঠিক সপ্তাহ আগে জওয়ানদের অসুস্থ হয়ে পড়ায় উদ্বেগ ছড়িয়েছে কোচবিহারে। কী কারনে একের পর এক জওয়ান অসুস্থ হয়ে পড়লেন একসঙ্গে, কারন জানতে চেয়ে রিপোর্ট চাইল নির্বাচন কমিশন। আজ অর্থাৎ বৃহস্পতিবারের মধ্যেই জেলা নির্বাচনী আধিকারিকের কাছ থেকে বিস্তারিত জানতে চাওয়া হয়েছে।

    রাজ্যে ভোটের নিরাপত্তার জন্য মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী। বিভিন্ন স্কুল বা অন্যান্য সরকারি ভবনে তাঁদের থাকার বন্দোবস্ত করা হয়েছে। তেমনই কোচবিহার জেলার তুফানগঞ্জ মহকুমার তলিগুড়ি হাইস্কুলে থাকছিলেন বেশ কয়েকজন জওয়ান। বুধবার সন্ধেয় আচমকাই একসঙ্গে অসুস্থ হয়ে পড়েন ২৪ জন আইটিবিপি জওয়ান। সূত্রের খবর, বুধবার দুপুরে খাওয়ার পর থেকেই পেটে ব্যথা ও বমি শুরু হয় অনেকের। মুহুর্তেই বেশ কয়েকজন জওয়ান অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ ২৪ জন জওয়ানকেই তড়িঘড়ি তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রে খবর, প্রাথমিক চিকিৎসার পর ১০ জন জওয়ানকে ছেড়ে দেওয়া হলেও ১৪ জন জওয়ান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকদের প্রাথমিক অনুমান, খাবারে বিষক্রিয়ার কারনেই অসুস্থ হয়ে পড়েন তাঁরা। তবে জওয়ানরাই নিজেরাই রান্না করে খাওয়া দাওয়া করেন বলে জানা গিয়েছে।

    ঠিক কোন খাবার থেকে এমনটা হল, তা খতিয়ে দেখা হচ্ছে। জওয়ানরা যে পানীয় জল বা খাবার খেয়েছিলেন, তার মান পরীক্ষা করা হতে পারে। কারন দেখিয়ে কমিশনের রিপোর্টে আজই জবাবদিহি করতে হবে জেলা নির্বাচনী আধিকারিককে।
  • Link to this news (প্রতিদিন)