• ভোটের মুখে নন্দীগ্রামের আইএসএফ প্রার্থীকে তৃণমূলে যোগদানের প্রস্তাব! ভাইরাল অডিও
    প্রতিদিন | ১৬ এপ্রিল ২০২৬
  • ভোটের (West Bengal Assembly Election) মাত্র সাতদিন আগে ফের নন্দীগ্রামে (Nandigram) দলে টানাটানির খেলা! আইএসএফ প্রার্থী সবেমিরাজ খানকে ফোন করে তৃণমূলে যোগদানের প্রস্তাব ঘিরে শোরগোল। স্থানীয় তৃণমূল নেতা শেখ মনসুর এবং প্রার্থী সবেমিরাজ খানের ফোনে কথোপকথনের সেই ভিডিও ভাইরাল। যদিও সেই ভাইরাল অডিওর সত্যতা যাচাই করেনি ‘সংবাদ প্রতিদিন ডিজিটাল’।

    তবে শেখ মনসুরের সেই প্রস্তাব ফিরিয়ে বারবার প্রার্থী সবেমিরাজ খানকে বলতে শোনা গিয়েছে, ”আমি বিশ্বাসঘাতকতা করতে পারব না। দল যখন এখানে আমাকে প্রার্থী বলে ঘোষণা করেছে, তখন ভোটে আমাকে লড়তে হবে। জানি হয়তো ক্ষতি হবে। কিন্তু আমি তো একটা নীতি নিয়ে রাজনীতি করি।” তবে বিষয়টি নিয়ে যথেষ্ট সমালোচনা শুরু হয়েছে। যদিও এনিয়ে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি আইএসএফ প্রার্থী বা ওই তৃণমূল নেতার।

    তবে নন্দীগ্রামে ভোটের আগে এমন রাজনৈতিক হট্টগোল নতুন নয়। ২০২১ সালের বিধানসভা ভোটের আগেও এমন একটি ভাইরাল অডিও প্রকাশ্যে এসেছিল। সেবার বিধানসভা নির্বাচনের কয়েকদিন আগে নন্দীগ্রামের বিজেপি নেতা প্রলয় পালকে তদানীন্তন নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় ভোটে সহযোগিতা করার আহ্বান জানিয়ে ফোন করেছিলেন। সেই কথোপকথনের অডিও ভাইরাল হয়েছিল। ছাব্বিশেও প্রায় একইরকম ঘটনা। এবার আইএসএফের হয়ে ভোট ময়দানে নামা প্রার্থীকেই দল এবং লড়াই ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার প্রস্তাব সংক্রান্ত একটি ফোনের ভাইরাল অডিও ঘিরে শোরগোল পড়ে গেল।

    ওই কথোপকথনে শোনা গিয়েছে, নন্দীগ্রামের আইএসএফ প্রার্থী সবেমিরাজ খানকে জনৈক তৃণমূল নেতা শেখ মনসুর ফোন করে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার প্রস্তাব দিয়েছেন। তাঁর যদি কোনও শর্ত থাকে, তাও পূরণ করে দেওয়ার আশ্বাস দেন ওই নেতা। এমনকী এও বলেন যে তৃণমূলের রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের সঙ্গে গোপন বৈঠক করুন সবেমিরাজ খান। ওই অডিওতে প্রার্থী সবেমিরাজকে অবশ্য বারবার বলতে শোনা গিয়েছে, তিনি কোনওভাবেই এখন একাজ করতে অপারগ। তিনি নিজের দলের হয়েই ভোটে লড়তে চান। ভাইরাল অডিওর সত্যতা অবশ্য যাচাই করেনি ‘সংবাদ প্রতিদিন ডিজিটাল’।
  • Link to this news (প্রতিদিন)