নির্বাচন কমিশন (Election Commission of India) আগেই জানিয়ে দিয়েছে, ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে ঢোকা যাবে না। ভোটকক্ষের বাইরে মোবাইল ফোন জমা রেখে যেতে হবে। কিন্তু রাখবেন কোথায়, কেমন হবে সেই ফোন রাখার জায়গা? তা নিয়ে জোর চর্চা। এরই মধ্যে বৃহস্পতিবার মেদিনীপুরে পোস্টাল ব্যালটে ভোটগ্রহণের দিনে ভোটকক্ষের বাইরে দেখা গেল মোবাইল ফোন হোল্ডার।
ভোটকেন্দ্রে ফোন নিয়ে গেলেও ফোন রাখার জায়গা নিয়ে যাতে অসুবিধা না হয়, তার জন্য মোবাইল হোল্ডারের ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন। অনেকেরই বাড়ির দেওয়ালে একাধিক খোপের হোল্ডার ব্যাগ থাকে। ছোট ছোট খোপের সেই ব্যাগ দেওয়ালে ঝোলানো থাকে। চাবি, খুচরো টাকা, প্রয়োজনীয় খুচখাচ জিনিস হাতের কাছে পেতেই এই ব্যাগগুলি রাখা থাকে। ঠিক তেমনই দেখতে মোবাইল ফোন হোল্ডারও।
এর মধ্যে ১০টি পকেট রয়েছে। সেখানেই মোবাইল ফোন রাখা থাকবে। প্রতিটি ভোটগ্রহণ কক্ষের বাইরে টাঙানো থাকবে এই হোল্ডার। সেখানে মোবাইল ফোন রেখে ভোটগ্রহণ কক্ষের ভিতরে ঢুকতে হবে। দেখভালের জন্য থাকবেন একজন পুলিশ কর্মী। যিনি মোবাইল ফোন রাখছেন, তাঁকে একটি করে টোকেন দেওয়া হবে।
ভোট দিয়ে এসে টোকেন দেখালেই ভোটার মোবাইল ফোন ফেরত পেয়ে যাবেন। মেদিনীপুর সাব ডিভিশন অফিসে পোস্টাল ভোটগ্রহণ কেন্দ্রের বাইরে এই রকম মোবাইল হোল্ডার রাখা ছিল এ দিন।