• ‘মমতা বন্দ্যোপাধ্যায় যতই উদার হোন…’, শুভেন্দুর গড়ে দাঁড়িয়ে BJP-কে হুঁশিয়ারি অভিষেকের
    এই সময় | ১৬ এপ্রিল ২০২৬
  • বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গড়ে দাঁড়িয়ে বিজেপিকে ঝাঁঝালো আক্রমণ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। বৃহস্পতিবার ভগবানপুর ও পটাশপুর বিধানসভা কেন্দ্রের দলীয় প্রার্থীদের হয়ে প্রচারে যান অভিষেক। তৃণমূল কর্মী, সমর্থকদের উচ্ছ্বাস দেখে অভিষেক বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় যতই উদার হোন, এ বার আমার জেদ, ৪ তারিখ সন্ধ্যা অবধি অপেক্ষা করতে হবে না। বেলা একটার পর থেকে ডিজে বাজবে রবীন্দ্র সঙ্গীতের সুরে। যাঁরা যে ভাষা বোঝেন, অভিষেক সে ভাষায় জবাব দিতে জানে।’

    ২১-এর নির্বাচনে ভগবানপুর আসনটি জিতেছিল বিজেপি, অন্য দিকে পটাশপুর বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী। পূর্ব মেদিনীপুর জেলায় মোট ১৬টি বিধানসভা আসনের মধ্যে ৯টি আসনে জিতেছিল তৃণমূল। তবে ২০২৪ সালে সব হিসাব উল্টে যায়। লোকসভা নির্বাচনের নিরিখে ১৪টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি। গতবারের ফল ধরে রাখার চ্যালেঞ্জ রয়েছে তৃণমূলের। জেতার ব্যাপারে আশাবাদী অভিষেক বলেন, ‘মানুষের উচ্ছ্বাস প্রমাণ করছে, পূর্ব মেদিনীপুরের মাটি কোনওদিন গদ্দারদের সমর্থন করেনি। এই মাটি বশ্যতা বিরোধী মাটি। এই মাটি মেরুদণ্ড বিক্রি করে না। এটা সতীশ সামন্তের, বীরেন্দ্র শাসমল, মাতঙ্গিনীর মাটি। আর যাই হোক, এই মাটি মেরুদণ্ড বিক্রি করতে পারে না।’

    এই দু’টি কেন্দ্রের বিজেপি প্রার্থী (পটাশপুরে তপন মাইতি ও ভগবানপুরে শান্তনু প্রামাণিক) বহিরাগত বলে এ দিন কটাক্ষ করেন অভিষেক। তিনি বলেন, ‘এখানে যাঁকে প্রার্থী করেছেন, তাঁর বাড়ি রামনগর। আর পটাশপুরে যাঁকে প্রার্থী করা হয়েছে তাঁর বাড়ি খেজুরি।’ আসন জিততে এই কেন্দ্রের ভোটারদের ‘ধমক-চমক’ দেওয়া হচ্ছে। তৃণমূল সাংসদের হুঁশিয়ারি, ‘আমি তালিকা তৈরি করে রেখেছি, ব্লক ধরে ধরে, পঞ্চায়েত ধরে ধরে হিসেব হবে।’ এই কেন্দ্রগুলি থেকে বিজেপি প্রার্থীদের জামানত বাজেয়াপ্ত হতে পারে বলেও ইঙ্গিত দেন অভিষেক।

    উল্লেখ্য, ভগবানপুর কেন্দ্র থেকে এ বার তৃণমূলের জোড়াফুল প্রতীকে লড়ছেন মানবকুমার পড়ুয়া ও পটাশপুর কেন্দ্রে প্রার্থী হয়েছেন পীযুষকান্তি পন্ডা।

  • Link to this news (এই সময়)