• চাষ করার সময়ে আচমকা বজ্রপাত, পৃথক ঘটনায় মৃত ২
    এই সময় | ১৭ এপ্রিল ২০২৬
  • মাঠে চাষের কাজ করতে গিয়ে বজ্রপাতে মৃত্যু হলো যুবকের। বৃহস্পতিবার নাকাশিপাড়া থানার এলাকার বীরপুরের ঘটনা। মৃতের নাম আখতার শেখ। ওই ঘটনায় আরও একজন জখম হয়েছিলেন, তাঁকে আশঙ্কাজনক অবস্থায় বেথুয়াডহরি স্টেট জেনারেল হাসপাতাল নিয়ে যাওয়া হয়েছে। সেখান থেকে শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে তাঁকে।

    অন্যদিকে নদিয়ার চাপড়ায় পাটের চাষ সেরে বাড়ি ফেরার পথে বজ্রপাতে মৃত্যু হয় এক কৃষকের। মৃত কৃষকের নাম লক্ষণ বিশ্বাস, বয়স ৬০ বছর। নদিয়ার ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী চাপড়া থানার হৃদয়পুর গ্রামে মাঠে দিনভর চাষের কাজ সেরে বাড়ি ফিরছিলেন। হঠাৎই শুরু হয় ঝড়-বৃষ্টি। তার মাঝেই বাজ পড়ে মৃত্যু হয় তাঁর। গোটা ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে জমিতে কাজ করছিলেন ওই কৃষক। কাজ শেষ করে বাড়ির দিকে রওনা দেওয়ার পথে বাজ পড়ে গুরুতর জখম হন তিনি। তড়িঘড়ি স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে চাপড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যান, সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পরিবার সূত্রে জানা গিয়েছে, বাবা ও ছেলে ২ জন মিলে বাড়ির কিছুটা দূরে পাটের জমিতে কাজ করছিলেন। হঠাৎ বৃষ্টি শুরু হয়, সঙ্গে শুরু হয় বজ্রপাত। বাড়ি ফেরার পথে বজ্রপাতে মাটিতে লুটিয়ে পড়েন লক্ষণ বিশ্বাস। তড়িঘড়ি বাড়ির লোকজন স্থানীয় বিএসএফ ক্যাম্পে খবর দিলে তাদের সহযোগিতায় ওই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়।

  • Link to this news (এই সময়)