দাঁড়িয়ে থাকা যাত্রীবোঝাই বিমানে ধাক্কা মারল উলটো দিক থেকে ছুটে আসা আরেক বিমান! ভয়াবহ ঘটনা দিল্লি বিমানবন্দরে। জানা গিয়েছে, নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে ছিল যাত্রীবোঝাই আকাসা এয়ারলাইন্সের বিমান। সেসময়েই আচমকা ওই বিমানে ধাক্কা মারে স্পাইসজেটের একটি উড়ান। সংঘর্ষের তীব্রতায় ভেঙে যায় দুই বিমানের কিছুটা অংশও। বেশ বড়সড় ক্ষতি হয়েছে বিমানদু’টির, এমনটাই অনুমান।
প্রাথমিকভাবে জানা গিয়েছে, দিল্লি থেকে হায়দরাবাদ যাওয়ার কথা ছিল আকাসা উড়ানটির। যাত্রীবোঝাই বিমানটি নির্দিষ্ট সময়ে উড়ে যাওয়ার আগেই দুর্ঘটনা। আচমকাই স্পাইসজেটের একটি বিমান এসে ধাক্কা মারে দাঁড়িয়ে থাকা আকাসা বিমানে। সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে দু’টি বিমানেরই কিছুটা অংশ ভেঙে যায়। স্পাইসজেট বিমানের ডানদিকের ডানা অনেকখানি ক্ষতিগ্রস্ত হয়। আকাসা বিমানের দিকনির্ণায়ক যন্ত্র ভেঙেছে বলে খবর।
ঘটনার সময়ে আকাসা বিমানে যাত্রী এবং বিমানকর্মীরা ছিলেন। তবে তাঁদের কোনও ক্ষয়ক্ষতি হয়নি। ভেঙে যাওয়া বিমান থেকে যাত্রীদের নিরাপদে বের করে আনা হয়। তাঁদের হায়দরাবাদ পৌঁছে দেওয়ার বিকল্প ব্যবস্থাও করেছে আকাসা এয়ারলাইন্স। দুর্ঘটনার পরে স্পাইসজেটের তরফ থেকেও বিবৃতি দেওয়া হয়েছে। জানানো হয়, তাদের যে বিমান ধাক্কা মেরেছে সেটিকে আপাতত আকাশে ওড়ার অনুমতি দেওয়া হবে না।
গোটা ঘটনায় প্রশ্ন উঠছে দিল্লি বিমানবন্দরের (Delhi Airport) ভূমিকা নিয়েই। কেন দু’টি বিমানের মধ্যে নিরাপদ দূরত্ব বজায় রাখা হল না, কেন দু’টি বিমানে সংঘর্ষের পরিস্থিতি তৈরি হল, এমন নানা প্রশ্ন উঠছে। বিমানবন্দরের আধিকারিকদের বিরুদ্ধে তদন্তও শুরু হয়েছে বলে খবর। উল্লেখ্য, মাসদুয়েক আগে একইভাবে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে ধাক্কা লেগেছিল দু’টি বিমানের। কোয়েম্বাটোরগামী উড়ান টেক অফের ঠিক আগেই আচমকা বিমানের ডানার সঙ্গে ধাক্কা লাগে সদ্য ল্যান্ড করা ইন্ডিগো বিমানের। আবারও একইরকম দুর্ঘটনা ঘটল।