• বাংলায় ‘বুলডোজার’ দাওয়াই যোগীর, ভোট প্রচারে আদিত্যনাথ বললেন, ‘ইউপিতে রাস্তায় বসে নামাজ পড়ার সাহস নেই’
    প্রতিদিন | ১৭ এপ্রিল ২০২৬
  • বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে পশ্চিম বর্ধমানে পারদ তুঙ্গে। বৃহস্পতিবার সালানপুরে নির্বাচনী সভা থেকে ‘বুলডোজার’ দাওয়াই যোগীর। তৃণমূল সরকারকে হুঁশিয়ারি দিয়ে যোগী বলেন, “ডবল ইঞ্জিন সরকার আসার পর উত্তরপ্রদেশে মাফিয়াদের উপর বুলডোজার চালিয়েছি। বাংলাতেও মাফিয়ারাজ খতম করতে বুলডোজার প্রয়োজন।” তৃণমূলের ‘কাটমানি’ প্রসঙ্গে এদিন কড়া আক্রমণ করেন যোগী।

    বৃহস্পতিবার বারাবনি বিধানসভার সালানপুর ব্লকের আছাড়া স্কুল ময়দানে বিজেপি প্রার্থী অরিজিৎ রায়ের সমর্থনে ‘বিজয় সংকল্প সভা’য় উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সভা থেকে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ করার পাশাপাশি রাজ্যে ‘ডবল ইঞ্জিন’ সরকার গড়ার ডাক দেন যোগী আদিত্যনাথ। 

    উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর অভিযোগ, তাঁর সভা বানচাল করার জন্য আগের রাত থেকেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এলাকায় অশান্তি পাকিয়েছে ও বিজেপির ঝাণ্ডা খুলে দিয়েছে। এরপরই তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “৯ বছর আগে উত্তরপ্রদেশের অবস্থাও এমন ছিল। সেখানেও দাঙ্গা হত, মাফিয়ারাজ চলত। কিন্তু ডবল ইঞ্জিন সরকার আসার পর আমরা মাফিয়াদের ওপর বুলডোজার চালিয়েছি। এখন উত্তরপ্রদেশে কেউ দাঙ্গা করার সাহস পায় না, রাস্তায় বসে নামাজ পড়ার সাহস পায় না। বাংলাতেও মাফিয়া রাজ খতম করতে বুলডোজার প্রয়োজন।”

    ​কয়লা, বালি ও মাটি মাফিয়াদের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “গত ১৫ বছরে তৃণমূল বাংলাকে দুর্নীতির আখড়ায় পরিণত করেছে। দিল্লি থেকে মোদীজি উন্নয়নের টাকা পাঠালেও তৃণমূলের ‘কাটমানি’ সংস্কৃতির কারনে তা সাধারণ মানুষের কাছে পৌঁছায় না।” ​কৃষি ও উন্নয়ন নিয়ে তোপ দেগে ​রাজ্যের অর্থনৈতিক পরিস্থিতির অবনতি নিয়ে যোগী বলেন, “স্বাধীনতার পর বাংলা অর্থনীতির নেতা ছিল। কিন্তু কংগ্রেস, বামপন্থী এবং বর্তমানে তৃণমূল—এই তিন শক্তি মিলে বাংলার কৃষি ও শিল্পকে ধ্বংস করেছে।”

    ​বিজেপি প্রার্থী অরিজিৎ রায়ের পক্ষে ভোট চেয়ে যোগী আদিত্যনাথ বলেন, “অরিজিৎ মানে হলো শত্রুর জয়। এখানে বিজেপিকে জেতান, বাংলায় ডবল ইঞ্জিন সরকার নিয়ে আসুন। তবেই মাফিয়া ও গুন্ডাদের হাত থেকে বাংলা মুক্তি পাবে এবং শান্তি ফিরবে।” এদিনের সভা থেকে যোগী স্পষ্ট করে দেন যে, আসন্ন নির্বাচনে উত্তরপ্রদেশের ‘মডেল’ ও ‘উন্নয়ন’-কে হাতিয়ার করে বাংলার মন জয় করতে চায় বিজেপি।
  • Link to this news (প্রতিদিন)