‘মোথাবাড়ি কাণ্ডে ভূমিকা রহস্যজনক’, মোফাক্কেরুলকে নিজেদের হেফাজতে চাইছে এনআইএ
প্রতিদিন | ১৭ এপ্রিল ২০২৬
মোথাবাড়ি কাণ্ডে (Mothabari Case) ধৃত আইনজীবী মোফাক্কেরুল ইসলামের (Mofakkerul Islam) ভূমিকা অত্যন্ত রহস্যজনক। বৃহস্পতিবার ব্যাঙ্কশাল আদালতে এমনটাই দাবি করল এনআইএ। পাশাপাশি ধৃতকে নিজেদের হেফাজতেও চান আধিকারিকরা। তবে এখনও সিদ্ধান্ত জানায়নি আদালত।
গত পয়লা এপ্রিল কালিয়াচকের মোথাবাড়িতে বিডিও অফিসের ভিতরে বিচারকদের আটকে রাখার অভিযোগ ওঠে। জনরোষ আছড়ে পড়ে এসআইআরের (SIR in West Bengal) কাজে যাওয়া বিচারকদের উপর। রাতদুপুরে অগ্নিগর্ভ হয়ে ওঠে মালদহের কালিয়াচক। অভিযোগ, বিক্ষোভকারী জনতা দীর্ঘক্ষণ ধরে কালিয়াচক ২ বিডিও অফিসে আটকে রাখেন সাতজন জুডিশিয়াল অফিসারকে। তাঁদের মধ্যে ছিলেন মহিলা-সহ ৩ জন বিচারকও। জল গড়িয়েছিল সুপ্রিম কোর্টে। পরবর্তীতে সুপ্রিম নির্দেশে মেনে মোথাবাড়ি কাণ্ডে এনআইএ তদন্তের নির্দেশ দেয় নির্বাচন কমিশন। এই অশান্তির ঘটনায় মোট ১২ টি মামলা দায়ের হয়। জড়িত সন্দেহে গ্রেপ্তার করা হয় মোট ৪৯ জনকে।
ধৃতদের মধ্যেই ছিলেন মূলচক্রী অর্থাৎ আইনজীবী মোফাক্কেরুল ইসলাম। বৃহস্পতিবার ধৃতদের তোলা হয় ব্যাঙ্কশাল কোর্টে। সেখানেই ৪ টি মামলার পরিপ্রেক্ষিতে ১২ জনকে নিজেদের হেফাজতে চায় এনআইএ। তাঁদের তরফে আদালতে দাবি করা হয়, অশান্তিতে উসকানি দিয়েছেন মোফাক্কেরুল। পুলিশের তরফে তাঁকে সতর্ক করা হলেও তিনি তাতে কর্ণপাত করেননি। এছাড়া সরকারি সম্পত্তি নষ্ট-সহ একাধিক অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। এদিন এনআইএ আদালতে বলে, “গোটা ঘটনায় মোফাক্কেরুলের ভূমিকা অত্যন্ত রহস্যজনক।”
তদন্তের স্বার্থে ধৃতকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন বলে দাবি করে এদিন মোফাক্কেরুলকে নিজেদের হেফাজতে চায় এনআইএ। এদিকে মোফাক্কেরুলের আইনজীবী বলেন, তাঁকে পুলিশ জেরা করেছে। যা তথ্য প্রয়োজন তা জেনেছেন, তাহলে আবার এনআইএ হেফাজতের প্রয়োজন কী। দু’পক্ষের মতামত শোনার পর এখনও সিদ্ধান্ত জানায়নি আদালত।