• আজ রাজ্যজুড়ে থাকছে ঝড়-বৃষ্টির পূর্বাভাস
    বর্তমান | ১৭ এপ্রিল ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া, উত্তর ২৪ পরগণা জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে  ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইবে বলে জানিয়েছে হাওয়া অফিস। কলকাতা সহ বাকি জেলাতেও বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়ার সম্ভাবনা থাকবে। ইতিমধ্যেই সকালে কলকাতা, হাওড়া, দক্ষিণ ২৪ পরগণা, এবং নদীয়াতে বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে। 

    শুক্রবারেও বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা সব জেলাতেই । সম্ভাবনা বেশি থাকবে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদ জেলায়। এই সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইতে পারে।

    তবে বৃষ্টি হলেও গরম ও অস্বস্তিকর পরিস্থিতি বজায় থাকবে দক্ষিণবঙ্গ জুড়ে। কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে ৩৬ ডিগ্রি এবং পশ্চিমের জেলাতে ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে তাপমাত্রা।  গরম ও অস্বস্তিকর আবহাওয়া বেশি থাকবে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, এবং বীরভূম জেলাতে। 

    উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার বড়সড় পরিবর্তন নেই। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই পাঁচ জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
  • Link to this news (বর্তমান)