মোথাবাড়িতে SIR আন্দোলনে বিচারকদের আটকে রাখা এবং জাতীয় সড়ক অবরোধ করে আন্দোলনের ঘটনায় গ্রেপ্তার করা হয়েছিল আইনজীবী মোফাক্কেরুল ইসলামকে। পরে আদালতের নির্দেশে সেই ঘটনার তদন্তভার এনআইএ-কে দেয় নির্বাচন কমিশন। বৃহস্পতিবার কলকাতার নগর দায়রা আদালতের এনআইএ কোর্ট একটি মামলায় মোফাক্কেরুল ইসলামের জামিন মঞ্জুর করলেও, বাকি চারটি মামলায় জামিন খারিজ করেছে। ফলে ফের জেল হেফাজতেই যেতে হয়েছে মোফাক্কেরুলকে।
মোথাবাড়ির ঘটনায় রাজ্য পুলিশের তরফে মোফাক্কেরুলের বিরুদ্ধে পাঁচটি মামলা দায়ের করা হয়েছিল। যার মধ্যে একটি মামলা করা হয়েছিল জামিনযোগ্য ধারায়। NIA-এর তরফে ১২টি এফআইআর করা হয়। যার মধ্যে রাজ্য পুলিশের করা জামিনযোগ্য মামলাটিও ছিল। ওই মামলাটিতে জামিন মঞ্জুর করেছে আদালত। তবে বাকি চারটি মামলায় জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। মোফাক্কেরুলের আইনজীবীর দাবি, তাঁর মক্কেলকে ফাঁসানো হয়েছে। তিনি জমায়েত সরিয়ে শান্তি ফেরানোর চেষ্টা করছিলেন।
মোথাবাড়ির মামলায় অভিযুক্ত মোট ৪৯ জন। তাঁদের মধ্যে ১২ জনকে হেফাজতে নিতে আবেদন করেছিল NIA। বাকিদের বিচারবিভাগীয় হেফাজতে দেওয়ার আবেদন করা হয়েছিল। ১০ জনকে হেফাজতে পেয়েছে এনআইএ। ফের ১৮ এপ্রিল আদালতে তোলা হবে তাঁদের। বাকি ৩৯ জনের ৩০ এপ্রিল পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।
এপ্রিলের শুরুতে কালিয়াচকের মোথাবাড়িতে বিডিও অফিসের ভিতরে জুডিশিয়াল অফিসারদের আটকে রেখে হেনস্থার অভিযোগ উঠেছিল। SIR-এর কাজ করতে গিয়েছিলেন ওই জুডিশিয়াল অফিসারেরা। ওই ঘটনায় মামলা গড়িয়েছিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের নির্দেশ মেনে মোথাবাড়ির ঘটনায় তদন্ত করার জন্য এনআইএ-কে নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন।