• 'লাভ ইউ মিঠুনদা', চন্দ্রকোণায় প্রচারে এসে বিতর্ক এড়ালেন দেব
    এই সময় | ১৭ এপ্রিল ২০২৬
  • বাবলু সাঁতরা, ঘাটাল

    পশ্চিম মেদিনীপুরের ঘাটালে বিজেপি প্রাথীর সমর্থনে রোড–শো করে গিয়েছেন অভিনেতা মিঠুন চক্রবতী। একুশের নির্বাচনে ঘাটাল বিধানসভা তৃণমূলের হাতছাড়া হয়েছিল। বৃহস্পতিবার চন্দ্রকোণায় তৃণমূল প্রার্থী সূর্যকান্ত দোলই-এর প্রচারে এসে তৃণমূল সাংসদ ও অভিনেতা দেব এড়িয়ে গেলেন মিঠুন চক্রবর্তীর তৃণমূলকে আক্রমণের প্রসঙ্গকে।

    রামনবমীর দিন ঘাটালে দলীয় প্রার্থীর হয়ে রোড-শো করেন দেব। ১৪ এপ্রিল এখানে গেরুয়া প্রার্থী শীতল কপাটের হয়ে রোড-শো করেন মিঠুন। দেবের সাংসদ এলাকা ঘাটালে বিজেপি প্রার্থীর সমর্থনে প্রচারে এসে তৃণমূলকে আক্রমণ করলেও দেবের বিরুদ্ধে বক্তব্য রাখেননি মিঠুন। এ দিন ঘাটালে মিঠুনের সেই রোড-শো প্রসঙ্গে দেব হাসি মুখেই প্রশ্নের উত্তর এড়িয়ে গিয়ে বলেন, 'লাভ ইউ মিঠুনদা'।

    তৃণমূলের অন্যতম তারকা প্রচারক ভোটের প্রচারে রাজ্যের বিভিন্ন বিধানসভা কেন্দ্রে ঘুরছেন। এ দিন সূর্যকান্তের হয়ে তৃণমূল সাংসদ এসেছিলেন চন্দ্রকোণার রামজীবনপুরে। প্রচারে দেবের সঙ্গে ছিলেন চন্দ্রকোণার তৃণমূল প্রার্থী সূর্যকান্ত দোলই, আরামবাগ লোকসভা কেন্দ্রের সাংসদ মিতালী বাগ। দেবের রোড শো দেখতে ভিড় করেছিলেন বহু মানুষ, বিশেষত মহিলারা। তৃণমূলের অন্য নেতারা উপস্থিত থাকলেও এ দিন দেখা যায়নি চন্দ্রকোণা বিধানসভার বিদায়ী বিধায়ক অরূপ ধাড়াকে। এখনও প্রার্থীর হয়ে প্রচারে নামতে দেখা যায়নি অরূপকে।

    এ নিয়ে অবশ্য অরূপ ও তৃণমূলের কেউই মন্তব্য করতে চাননি। দেব যে এলাকার সাংসদ সেই ঘাটালেও গোষ্ঠী কোন্দলে জেরবার তৃণমূল। ঘাটাল বিধানসভার তৃণমূল প্রার্থী শ্যামলী সর্দারের হয়ে এখনও প্রচারে নামেননি তৃণমূলের প্রাক্তন বিধায়ক শঙ্কর দোলই।

    এ দিন দেব বলেন, 'রাজ্যে তৃণমূলের সিট বাড়বে। ঘাটালে এ বার আমরা জিতব। এনিয়ে কোনও দ্বন্দ্ব নেই। কারণ দীর্ঘদিনের দাবি ছিল ঘাটাল মাস্টার প্ল্যানের। আমাদের মুখ্যমন্ত্রী তার কাজ শুরু করে দিয়েছেন। ১৯ তারিখ আমি ফের ঘাটালে আসছি। ঘাটালে গিয়ে ঘাটালের কথা হবে।'

  • Link to this news (এই সময়)