মহিলা সংরক্ষণ বিল (সংশোধনী) (Women's Reservation Bill) নিয়ে ভোটাভুটি হবে শুক্রবার বিকেল ৪টেয়। তার আগে নারীশক্তি আর দেবীশক্তিকে মিলিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। শুক্রবার সাতসকালে X হ্যান্ডলে তিনি লিখেছেন, ‘মহিলাদের শক্তিই ভারতের হলমার্ক।’
২০২৩ সালে লোকসভায় (Lok Sabha Debate) মহিলাদের আসন সংরক্ষণ নিয়ে ‘নারী শক্তি বন্দন অধিনিয়ম’ বিল পাশ হয়েছিল। কিন্তু এখনও পর্যন্ত তা কার্যকর হয়নি। বিল পাশের সময়ে ঠিক হয়েছিল, জনগণনার পরে আসন পুনর্বিন্যাস করা হবে। তার পরে ওই আসনের ৩৩ শতাংশ থাকবে মহিলাদের জন্য।
বৃহস্পতিবার থেকে লোকসভায় আসন পুনর্বিন্যাস এবং মহিলা সংরক্ষণ সংক্রান্ত সংশোধনী বিল পাশ করাতে বিশেষ অধিবেশন শুরু হয়েছে। বিরোধীদের অভিযোগ, এখন জনগণনার জন্য অপেক্ষা করতে চাইছে না কেন্দ্রীয় সরকার। ২০১১-এর জনগণনার ভিত্তিতে আসন পুনর্বিন্যাস করে দায় সারতে চাইছে। এর তীব্র বিরোধিতা করেছে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, সমাজবাদী পার্টি-সহ বিরোধীরা।
তবে মোদী অনড়ই থাকেন। তাঁর সাফ দাবি, ‘আপনারা বিরোধিতা করলে আমারই লাভ।’ এ দিন তিনি লিখেছেন, ‘নারীশক্তিই ভারতের হলমার্ক। দেশের মা, বোন, কন্যাদের অটুট সংকল্প, নিষ্ঠা এবং সেবার মনোভাবই প্রত্যেক ক্ষেত্রে ভারতের গৌরব বৃদ্ধি করেছে।’
এর পরেই নারী শক্তির সঙ্গে দেবী শক্তিকে মিলিয়ে তিনি লেখেন, ‘যিনি নিজের শক্তিতেই এই বিশ্বজগতের সৃষ্টি করেছেন, সকল দেবতার সম্মিলিত রূপে অবতীর্ণ, যাঁকে দেব ও ঋষিরাও পুজো করেন, তাঁকে প্রণাম জানাই। তিনি আমাদের মঙ্গল করুন।’