• আগাম জামিনের আবেদন করতে চলেছেন TCS কাণ্ডের ‘মাস্টারমাইন্ড’ নিদা, প্রেগন্যান্সিই হাতিয়ার?
    এই সময় | ১৭ এপ্রিল ২০২৬
  • TCS-এর নাসিকের অফিসে ধর্মান্তকরণ চক্রের (Conversion) মাস্টারমাইন্ড তিনিই বলে অভিযোগ। এও অভিযোগ, টিম লিডারদের কেলেঙ্কারি ধামাচাপা দেওয়াই ছিল তাঁর কাজ। কিন্তু অফিসে তল্লাশি শুরু হতেই তিনি পালিয়ে যান। ঘটনার পরে এক সপ্তাহ কেটে গেলেও এখনও পর্যন্ত HR ম্যানেজার নিদা খানের (Nida Khan) কোনও হদিশ মেলেনি। সূত্রের খবর, সেই নিদা এ বার আগাম জামিনের আবেদন করতে চলেছেন আদালতে। তিনি অন্তঃস্বত্ত্বা, আর তাকে হাতিয়ার করেই আগাম জামিন চাইতে পারেন নিদা খান।

    গত বছরের জানুয়ারিতে বিয়ে করেন নিদা। বিয়ের আগেই নাসিকে TCS-এর বিপিও-তে বদলির আবেদন করেছিলেন তিনি। বিয়ের পরে চলে যান মুম্বই। ততদিনে তাঁর বদলিও মঞ্জুর হয়েছে। সরাসরি যোগ দেন নাসিকের অফিসে। সূত্রের খবর, তিনি এখন অন্তঃস্বত্ত্বা। তাঁর পক্ষে পুলিশ বা জেল হেফাজতে থাকা সম্ভব নয়। এই কারণ দেখিয়েই ইতিমধ্যেই আগাম জামিনের আবেদন করতে চলেছেন তিনি।

    তবে সরকারি আইনজীবীরা তাঁর জামিনের বিরোধিতা করতে পারেন বলেই সূত্র মারফত জানা গিয়েছে। তাঁদের পাল্টা যুক্তি, নিদা ধর্মান্তকরণের সঙ্গে শুধু যুক্ত নয়, তিনিই মূল চক্রী। সহকর্মীদের যাবতীয় দোষ ধামাচাপা দেওয়ার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। তবে আর একটি সূত্র মারফত দাবি করা হচ্ছে, নিদা HR ম্যানেজার ছিলেন না। নিছকই টেলিকলার হিসেবে কাজ করতেন। তবে ধর্মান্তকরণ চক্রের তাঁর যোগ নিয়ে সন্দেহ নেই তদন্তকারীদের।

    বছরের পর বছর ধরে ধর্মান্তকরণ, মহিলাদের শ্লীলতাহানি, যৌন হেনস্থার মতো ন্যক্কারজনক ঘটনার জেরে পুলিশের দ্বারস্থ হয়েছিলেন বিপিও-র কয়েকজন কর্মী। তার পরেই ছদ্মবেশে অফিসে হানা দেন মহিলা পুলিশ অফিসাররা। সেখানে মূল অভিযুক্তদের একজনকে মহিলা কর্মীর সঙ্গে অশোভন আচরণ করতে দেখে তাঁকে হাতেনাতে ধরে ফেলে পুলিশ।

    নাসিকের পুলিশ কমিশনার সন্দীপ কর্ণিক জানান, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ৭ জন পুরুষ কর্মী অফিসে সংঘবদ্ধ চক্রের মতো কাজ করতেন। মূলত মহিলা কর্মীরাই ছিলেন তাঁদের টার্গেট। ঘটনায় এখনও পর্যন্ত ৯টি FIR দায়ের হয়েছে। দানিশ শেখ, তৌসিফ আত্তার, রাজা মেমন, শাহরুখ কুরেশি, শফি শেখ, আসিফ আফতাব আনসার এবং শাহরুখ শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ। কিন্তু নিদা খান এখনও পলাতক। তাঁর খোঁজে তল্লাশি চলছে। এর মধ্যেই আগাম জামিনের আবেদন করতে চলেছেন তিনি।

  • Link to this news (এই সময়)