আরজি কর মেডিক্যাল কলেজে বেসরকারি এজেন্সির অধীনে কর্মরত প্রায় ৩০৫ জন চুক্তিভিত্তিক কর্মী গত ২ মাসের বেতন বকেয়া থাকায় ধর্মঘট শুরু করেছেন। অভিযুক্ত বেসরকারি এজেন্সির দাবি, সরকারের কাছে প্রায় ১.২ কোটি টাকা বকেয়া থাকায় তারা বেতন দিতে পারছে না।
গঙ্গাজলঘাটির ভদড়া মোড় এলাকায় দুর্লভপুর বড়জোড়া যাবার রাস্তায় একটি বাইকের সঙ্গে একটি বারো চাকা লরির মুখোমুখি সংঘর্ষ ঘটে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মোটরসাইকেল আরোহী মদন আকুরি (৬০) এলাকার স্থানীয় বাসিন্দা। সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে মুখোমুখি সংঘর্ষ হওয়ার ওই লরিতে আগুন ধরে যায়। তাতেই মৃত্যু হয় ওই বাইক আরোহীর।
ছত্তিসগড়ের শক্তি জেলায় বেদান্ত পাওয়ার প্ল্যান্টে বয়লার বিস্ফোরণে ২০ জনের মৃত্যুর ঘটনায় FIR দায়ের হলো সংস্থার চেয়ারম্যান অনিল আগরওয়াল-সহ দশ জনের বিরুদ্ধে। শক্তি জেলার পুলিশ সুপার প্রফুল্ল ঠাকুর জানিয়েছেন, দাভারা থানায় এফআইআর দায়ের হয়েছে। গাফিলতির কারণে মৃত্যু, বিদ্যুৎ কেন্দ্রের যন্ত্রপাতির রক্ষণাবেক্ষণে অবহেলা-সহ আরও অনেক ধারায় অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ সুপার জানিয়েছে, তদন্তে যদি প্রমাণ মেলে ওই দশ জন ছাড়া আরও কেউ বিস্ফোরণের ঘটনায় জড়িত তাঁর বিরুদ্ধেও FIR দায়ের হবে।
কলকাতায় সল্টলেকের CF ও CK ব্লকের দুই ঠিকানায় ও মিডলটন স্ট্রিটে রিয়েল এস্টেট ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট। এই মুহূর্তে শহরের অন্তত পাঁচ জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছেন ইডি আধিকারিকরা।
নির্বাচনের আগে চার লক্ষ ৫০ হাজার টাকা উদ্ধার হলো হুগলির চন্ডীতলায়। বৃহস্পতিবার সন্ধ্যায় নাকা চেকিং করার সময়ে একটি স্কুটি থেকে উদ্ধার হয় এই বিপুল পরিমাণ টাকা। পুরো টাকাই বাজেয়াপ্ত করেছে পুলিশ।