• হর বুথ-১০ ইয়ুথ, বাংলা জয়ে সুষমার মাস্টারস্ট্রোক ফর্মুলাতেই আস্থা পদ্মের
    এই সময় | ১৭ এপ্রিল ২০২৬
  • সুদেষ্ণা ঘোষাল, নয়াদিল্লি

    বাংলার ভোটে জয় নিশ্চিত করতে প্রয়াত প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের 'হর বুথ-১০ ইয়ুথ' ফর্মুলা প্রয়োগ করল গেরুয়া ব্রিগেড। তা–ও নির্বাচনের ঠিক আগে৷

    কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএ-২ সরকারকে ক্ষমতাচ্যুত করতে ২০১৪–র লোকসভা নির্বাচনের মুখে তূণে লুকনো এই তির বের করেন সুষমা৷ ভোটের সাত–দশ দিন আগে প্রত্যেক বুথে যুবসমাজের দশ জন প্রতিনিধি নিয়োগ করে বুথ ম্যানেজমেন্টকে শক্তিশালী ও কার্যত দুর্ভেদ্য করে তোলার উপরে দিয়েছিলেন গেরুয়া ব্রিগেডের অন্যতম দাপুটে এই নেত্রী৷ এতে সাফল্যও মেলে৷ ইউপিএ সরকারকে দিল্লির মসনদ থেকে সরিয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে গভর্নমেন্ট তৈরি করে এনডিএ এবং নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হন৷

    এ বার বাংলার বিধানসভা দখলে কার্যত মরিয়া হয়ে ঝাঁপিয়েছে বিজেপি। সেই উদ্যোগেই সুষমার ওই ফর্মুলায় ভরসা রাখছেন শীর্ষ নেতৃত্ব৷ দিল্লিতে দলীয় সূত্রে খবর, ২৩ এপ্রিল বাংলায় প্রথম দফা ভোটের আগে ১৫২টি আসনের প্রতিটি বুথে দশ জন করে 'ইয়ুথ' (তরুণ–তরুণী) নিয়োগের কাজ এগোচ্ছে জোরকদমে৷ বিশেষ জোর দেওয়া হচ্ছে বুথ ম্যানেজমেন্টে দক্ষ তরুণী নিয়োগে।

    কী করতে হবে এই তরুণ–তরুণীদের? ব্যক্তিগত স্তরে আলাপচারিতার মাধ্যমে সংশ্লিষ্ট বুথের ভোটারদের এঁরা দ্রুত নিজের ভোট দেওয়ার অনুরোধ জানাবেন৷ ভোটের দিন দুপুর ১টার মধ্যে বুথে বুথে অন্তত ৫০ শতাংশ ভোটদান নিশ্চিত করার লক্ষ্যে স্থানীয় স্তরে জোরালো প্রচার চালাবেন এঁরা৷ এ ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে মহিলা ও নবীন ভোটারদের৷ কারণ, বিজেপির শীর্ষ নেতৃত্বের মতে, নবীন প্রজন্ম ও মহিলা ভোটারদের আস্থা অর্জন করতে পারলে বাংলায় ভালো ফলাফল করা সম্ভব৷ পাশাপাশি, ভোটের ঠিক আগের ক'দিন এলাকায় ঘুরে তাঁরা প্রচার করবেন, কেউ যাতে 'নোটা'য় ভোট না দেন। সে জায়গায় বিজেপিকে ভোট দিলে সার্বিক বিকাশ ত্বরান্বিত হবে৷

    প্রতিটি বুথে কুইক রেসপন্স টিম বা কিউআরটি গঠন করা হবে৷ যাদের সঙ্গে সমন্বয় রক্ষার কাজও করবেন এই তরুণ–তরুণীরা৷ যে কোনও জরুরি পরিস্থিতি মোকাবিলায় তৎপর হবে এই কিউআরটি৷ অবাধ ও শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে সংশ্লিষ্ট বিধানসভা আসনের দায়িত্বে থাকা, নির্বাচন কমিশনের নিযুক্ত কেন্দ্রীয় পর্যবেক্ষকের সঙ্গেও প্রয়োজনে যোগাযোগ করবেন এই টিমের সদস্যরা৷

  • Link to this news (এই সময়)