এই সময়, খড়্গপুর: খড়্গপুরের বিদায়ী বিধায়ক তথা বিজেপির কাউন্সিলর হিরণ চট্টোপাধ্যায়কে টর্চ নিয়ে খুঁজতে বেরোলেন ৩৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। তাঁদের হাতে ধরা প্ল্যাকার্ডে লেখা ‘হি-র্যান’! এ ভাবে কেন খুঁজতে বেরিয়েছেন? তাঁদের দাবি, তিনি খড়্গপুরের বিদায়ী বিধায়ক। আবার খড়্গপুর পুরসভার ৩৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরও। ওই ওয়ার্ডেও ‘সার’ (স্পেশাল ইনটেনসিভ রিভিশন)–এ বহু ভোটারের নাম বাদ গিয়েছে। তাঁদের কী হবে? কার কাছে যাবেন তাঁরা? তাই বুধবার রাতে হিরণের খোঁজ করতেই টর্চ নিয়ে বেরোনো।
এমন অভিনব প্রতিবাদ দেখে অবাক সকলে। স্থানীয় বাসিন্দা ববিতা সাহা, সোনালী দে বলছেন, ‘হিরণ শুধু বিদায়ী বিধায়কই নন, ৩৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরও। কিন্তু, বিপদের সময়েই তাঁকে পাচ্ছি না। ওয়ার্ডে পানীয় জল, আলোর সমস্যা রয়েছে। তিনি পরিষেবার কথা ভুলে হাওড়ার শ্যামপুরে ভোটে দাঁড়াতে চলে গিয়েছেন! তাই ওঁকে খুঁজতে বেরিয়েছি!’
বিষয়টি নিয়ে খড়্গপুরের তৃণমূল প্রার্থী প্রদীপ সরকার বলছেন, ‘বহিরাগতদের নির্বাচিত করলেই এমন সমস্যা হবে। খড়্গপুরের মানুষের কাছে তার জ্বলন্ত উদাহরণ এই ঘটনা। মানুষ এ বার ঠিক করবেন ঘরের ছেলেকে নির্বাচিত করবেন নাকি বহিরাগতকে।’ বিজেপি নেতা অরূপ দাসের প্রতিক্রিয়া, ‘এ সব গিমিকে কাজ হবে না। হিরণ কাজের ছেলে। তিনি খড়্গপুরের অনেক উন্নয়ন করেছেন। খড়্গপুরবাসী তা জানেন। খড়্গপুরে জিতবেন দিলীপ ঘোষই।’