সাতসকালে দেবাশিস কুমারের বাড়িতে আয়কর বিভাগেরল হানা। ED-র পর এবার আয়কর বিভাগের স্ক্যানারে তৃণমূলের রাসবিহারী কেন্দ্রের প্রার্থী। শুক্রবার সকাল সাড়ে ৫টা নাগাদ আয়কর দফতরের আধিকারিকরা দক্ষিণ কলকাতার মনোহরপুকুর রোডের বাড়িতে পৌঁছয়। তল্লাশি অভিযান চলছে ওই এলাকায় তাঁর নির্বাচনী কার্যালয়েও। উল্লেখ্য, সম্প্রতি তৃণমূলের এই নেতাকে ED তলব করে। একাধিকবার সল্টলেকের CGO কমপ্লেক্সেও হাজিরা দিতে হয়েছে দেবাশিস কুমারকে। জমি দখল সংক্রান্ত মামলায় ঘণ্টার পর ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়। তবে এবার বিদায়ী বিধায়কের বাড়িতে IT রেইড। কিন্তু নেপথ্যে কী কারণ, তা এখনও স্পষ্ট নয়।
জানা গিয়েছে, দেবাশিস কুমার তাঁর বাড়িতেই রয়েছেন। ভোর সাড়ে ৫টা নাগাদ কেন্দ্রীয় বাহিনী মনোহরপুকুর রোডে তাঁর বাড়ির চারপাশ ঘিরে ফেলে। আয়কর বিভাগের একাধিক গাড়ি পৌঁছয় সেখানে। আধিকারিকরা প্রথমে তাঁর বাড়িতে প্রবেশ করেন। চাবি বন্ধ থাকায় নির্বাচনী কার্যালয়ে ঢুকতে পারেননি তাঁরা। পরে চাবি আনিয়ে খোলা হয় মনোহরপুকুর রোডেই দেবাশিসের নির্বাচনী কার্যালয়। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়েই কার্যালয়ে তল্লাশি অভিযান চালাচ্ছেন আয়কর দফতরের আধিকারিকরা।