• বঙ্গ ভোটের আগে ত্রিপুরায় ভরাডুবি বিজেপির! বাংলার মতোই শূন্যে বাম-কংগ্রেস
    প্রতিদিন | ১৭ এপ্রিল ২০২৬
  • জোট ভাঙাই কাল। ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল নির্বাচনে ভরাডুবি বিজেপির। মোট ২৮ আসন বিশিষ্ট ওই স্বশাসিত সংস্থার নির্বাচনে এখনও পর্যন্ত মাত্র ৫টি আসনে এগিয়ে বিজেপি। প্রদ্যোত মাণিক্য দেববর্মার তিপ্রা মোথা একাই এগিয়ে ২১ আসনে। বাকি আসনগুলিতে এগিয়ে আইপিএফটি এবং নির্দলরা। বামফ্রন্ট এবং কংগ্রেস, ত্রিপুরাতেও মহাশূন্যে।

    ত্রিপুরার স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনে ২৮টি আসনের সবকটিতে একাই প্রতিদ্বন্দ্বিতা করেছে বিজেপি। ত্রিপুরার বিজেপি সরকার ক্ষমতায় আসার আগে বিজেপির জোটছিল আইপিএফটির সঙ্গে। আঞ্চলিক দল আইপিএফটি পরবর্তী সময়ে সরকারিভাবে এনডিএ-তেও যোগদান করে। তাছাড়া প্রদ্যোত মাণিক্য দেববর্মার তিপ্রার সঙ্গেও জোট ছিল গেরুয়া শিবিরের। কিন্তু এডিসির নির্বাচনে দুই দলের কারও সঙ্গেই জোট হয়নি গেরুয়া শিবিরের। বস্তুত আসন সমঝোতা নিয়ে বিজেপির একগুঁয়েমির জন্যই জোট ভেঙে যায় আইপিএফটির সঙ্গে।

    জোট ভাঙলেও এডিসির নির্বাচনে নিজেদের সর্বোচ্চ শক্তি দিয়ে নেমেছিল বিজেপি। রাজ্যস্তরের শীর্ষ নেতারা এমনকী কেন্দ্রীয় স্তরের নেতারাও প্রচারে গিয়েছিলেন। ভোটের দিন বিস্তর অশান্তিও হয়। গুলি, বোমাবাজির ঘটনারও সাক্ষী থেকেছে ত্রিপুরার স্থানীয় নির্বাচন। বিশেষ করে তিপরা মোথা ও বিজেপি কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের খবর পাওয়া যায়। আহত হন বেশ কয়েকজন। দুপুরের পর বহু বুথেই ছাপ্পা দেওয়ার অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। সব মিলিয়ে ২৮ আসন বিশিষ্ট স্বশাসিত জেলা পরিষদের নির্বাচনে ভোট পড়ে ৭০% এর উপর।

    এদিন ভোটগণনার শুরুতেই এগিয়ে যায় তিপরা মোথা। শেষ খবর পাওয়া পর্যন্ত ২৮টির মধ্যে ২১টি-তে এগিয়ে তিপরা। বিজেপির দখলে মাত্র ৫। বাংলার ভোটের প্রচারে বিজেপি যে ত্রিপুরাকে মডেল হিসাবে দেখাতে চাইছে, সেখানেই তাঁদের ভরাডুবি বাংলার ভোটেও প্রভাব ফেলবে। এমনটাই ধারণা বিশেষজ্ঞদের।
  • Link to this news (প্রতিদিন)