• প্রথম দফার ভোটে বিজেপির ৭০ শতাংশ প্রার্থীর বিরুদ্ধে ফৌজদারি মামলা, শুভেন্দুর নামেই ২৯টি
    প্রতিদিন | ১৭ এপ্রিল ২০২৬
  • প্রথম দফার নির্বাচনের আর দিন সাতেকও বাকি নেই। উত্তরবঙ্গ-সহ দক্ষিণবঙ্গের বেশকিছু আসনে হবে লড়াই। ইতিমধ্যে সব প্রার্থীরই হলফনামা জমা দেওয়া শেষ। কিন্তু সেই তথ্যে চোখ বুলিয়ে পিলে চমকানোর জোগাড়! প্রথম দফার ১৫২টা কেন্দ্রে নির্বাচনে লড়া বিজেপির ৭০ শতাংশ প্রার্থীর বিরুদ্ধেই রয়েছে ফৌজদারি মামলা। নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেই রয়েছে ২৯টি মামলা। যার মধ্যে বেশকিছু রয়েছে গুরুতর অভিযোগও।

    ওয়েস্টবেঙ্গল ইলেকশন ওয়াচ এবং অ‌্যাসোসিয়েশন ফর ডেমোক্র‌্যাটিক রিফর্মসের তরফে প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করে প্রথম দফার নির্বাচনে প্রার্থীদের সম্পত্তি, ফৌজদারি মামলা, শিক্ষাগত যোগ‌্যতা ইত‌্যাদি বিশ্লেষণ করা হয়। সেখানেই দেখা গিয়েছে, বিভিন্ন রাজনৈতিক দলের ৬ জন প্রার্থীর বিরুদ্ধে রয়েছে ধর্ষণের মতো মামলাও এছাড়াও ১৯ জনের বিরুদ্ধে চলছে খুনের মামলা। বিজেপির ১৫২ জন প্রার্থীদের মধ্যে ১০৬ জনের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে। যাদের মধ্যে ৯৬ জনের বিরুদ্ধেই রয়েছে গুরুতর ফৌজদারি মামলা তবে শুধু বিজেপি প্রার্থীদের বিরুদ্ধেই যে মামলা রয়েছে তেমনটা অবশ‌্য নয়। ওই সংস্থার তরফে যে রিপোর্ট পেশ করা হয়েছে, তাতে দেখা যাচ্ছে, মামলার বিচারে শতাংশের হিসাবে তৃণমূলকে পিছনে ফেলে দিয়েছে সিপিএম।

    রাজ্যে তৃণমূল কংগ্রেসের ১৪৮ জন প্রার্থীর মধ্যে ৬৩ জনের বিরুদ্ধে ফৌজদারি কেস রয়েছে। শতাংশের বিচারে অবশ‌্য বিজেপির তুলনায় যা অনেকটাই কম। ৪৩ শতাংশ। সেখানে সিপিএমের ৪৪ শতাংশের বিরুদ্ধে রয়েছে মামলা। কংগ্রেসের ২৬ শতাংশ প্রার্থীর বিরুদ্ধে মামলা রয়েছে। ওই সংস্থার তরফে জানানো হয়েছে, প্রথম দফার নির্বাচনে প্রতিদ্বন্দিতা করা ১৪৭৫ জন প্রার্থীর মধ্যে ৩৪৫ জন নিজেদের বিরুদ্ধে থাকা অপরাধমূলক মামলার কথা ঘোষণা করেছে। খুন এবং হত‌্যা সংক্রান্ত মামলায় অভিযুক্ত প্রার্থী রয়েছেন ১৯ জন। খুনের চেষ্টা সংক্রান্ত মামলা রয়েছে ১০৫ জনের বিরুদ্ধে। ৯৮ জন প্রার্থী নারীদের বিরুদ্ধে অপরাধ সংক্রান্ত মামলায় অভিযুক্ত। যাদের মধ্যে ৬ জন প্রার্থীর বিরুদ্ধে ধর্ষণের মামলা এবং একজনের বিরুদ্ধে একই মহিলাকে বারবার ধর্ষণের মতো অভিযোগও রয়েছে।

    ওই সংগঠনের রাজ‌্য সংযোজক উজ্জ্বয়িনী হালিম বলেন, ‘‘আসলে আমরা চাই প্রার্থীদের হলফনামার সংক্ষিপ্ত বিবরণ ভোটকেন্দ্রের বাইরে ডিসপ্লে বোর্ড প্রদর্শণ বাধ‌্যতামূলক করা হোক। যেখানে প্রার্থীর অপরাধমূলক রেকর্ড, সম্পদ, দায়বদ্ধতা ও শিক্ষাগত যোগ‌্যতা উল্লেখ থাকতে হবে। যাতে মানুষ ভোট দেওয়ার আগে দেখে নিতে পারেন, কোন প্রার্থী কীরকম। সেইমতো তারা বিচার-বিবেচনা করতে পারেন।’’ পাশাপাশি কোটিপতি প্রার্থীতালিকাও এদিন প্রকাশ করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, প্রথম দফার প্রার্থী তালিকায় মোট ৩০৯ জন কোটিপতি প্রার্থী এই নির্বাচনে অংশ নিচ্ছেন।

    দলভিত্তিক হিসেবে দেখা যাচ্ছে, তৃণমূল কংগ্রেসের সর্বাধিক ১০৬ জন কোটিপতি প্রার্থী রয়েছে, যা তাদের মোট প্রার্থীর প্রায় ৭২ শতাংশ। বিজেপির ক্ষেত্রে এই সংখ্যা ৭১ জন, অর্থাৎ প্রায় ৪৭ শতাংশ। জাতীয় কংগ্রেসের ৫০ জন (৩৩ শতাংশ) এবং সিপিআই(এম)-এর ২৪ জন (২৪ শতাংশ) প্রার্থী কোটিপতি তালিকায় রয়েছেন।
    তৃণমূলের ১৪৮ জন প্রার্থীর গড় সম্পদ প্রায় ৫.৭০ কোটি টাকা, যা তালিকায় সর্বোচ্চ। বিজেপির ১৫২ জন প্রার্থীর গড় সম্পদ ২.৫৭ কোটি টাকা, কংগ্রেসের ১৫১ জনের গড় ২.০৬ কোটি টাকা। অন্যদিকে সিপিআই(এম)-এর ৯৮ জন প্রার্থীর গড় সম্পদ সবচেয়ে কম, প্রায় ৯২.৪২ লক্ষ টাকা। সবচেয়ে ধনী প্রার্থী হিসেবে উঠে এসেছেন তৃণমূলের জঙ্গিপুর কেন্দ্রের প্রার্থী জাকির হোসেন, যার মোট সম্পদের পরিমাণ প্রায় ১৩৩ কোটি ৫২ লক্ষ টাকা। এছাড়াও তৃণমূলেরই বাঁকুড়ার বরজোড়া কেন্দ্রের প্রার্থী গৌতম মিশ্র (শ্যাম)-এর সম্পদ ১০৫ কোটি ৭৫ লক্ষ টাকা এবং পশ্চিম বর্ধমানের দুর্গাপুর পশ্চিম কেন্দ্রের প্রার্থী কবি দত্তর সম্পদ ৭২ কোটি ৭৪ লক্ষ টাকা।
  • Link to this news (প্রতিদিন)