ভবানীপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর প্রার্থী হওয়ার প্রস্তাবকের বাড়িতে হানা দিলেন আয়কর আধিকারিকেরা। শুক্রবার সকালে প্রার্থী মমতার প্রস্তাবক ও ভবানীপুর এডুকেশন সোসাইটির ট্রাস্টি বোর্ডের সদস্য মিরাজ শাহের বাড়িতে হানা দেয় কেন্দ্রীয় সংস্থা।
ভবানীপুরের প্রার্থী হিসাবে মমতা যে দিন আলিপুর সার্ভে বিল্ডিংয়ে গিয়ে মনোনয়ন জমা দিয়েছিলেন, সে দিন সেখানে তাঁর সঙ্গে ছিলেন মিরাজ। শুক্রবার শুধু মিরাজের বাড়িই নয়, কলকাতায় আরও একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালিয়েছে কেন্দ্রীয় সংস্থা। তার মধ্যে তৃণমূল প্রার্থী দেবাশিস কুমারের বাড়িও রয়েছে। কোচবিহারের সভা থেকে এ নিয়ে বিজেপিকে আক্রমণ করেছেন মমতা। তিনি বলেছেন, ‘নিজেরা কালো টাকার পাহাড় নিয়ে বসে আছেন! আর তৃণমূলের নেতা-নেত্রীদের বাড়িতে তল্লাশি অভিযান চালাচ্ছেন। মানুষের ভোটে জেতার ক্ষমতা নেই আপনাদের। তাই সব এজেন্সি কাজে লাগাচ্ছেন।’
শুক্রবার সকালেই রাসবিহারীর তৃণমূল প্রার্থী দেবাশিসের মনোহরপুকুর রোডের বাড়িতে অভিযান চালান আয়কর আধিকারিকেরা। কিছু ক্ষণ পর আয়কর দপ্তরের একটি দল হানা দেয় প্রার্থীর নির্বাচনী কার্যালয়েও। দেবাশিসের অভিযোগ, তালা ভেঙে তাঁর কার্যালয়ে প্রবেশ করেছেন আয়কর আধিকারিকেরা। সেখানে বালিগঞ্জের তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়ের কিছু নথিও রয়েছে। এ নিয়ে বিক্ষোভও দেখিয়েছে স্থানীয় তৃণমূল কর্মীরা। দক্ষিণ কলকাতার তৃণমূল নেতা কুমার সাহার বাড়িতেও অভিযান চালিয়েছে আয়কর দপ্তর।