• ‘সকালে জমা করব, বিকেলে খরচ করব, আদালতের দরকার নেই…’, কোন প্রেক্ষিতে এই মন্তব্য শুভেন্দুর?
    এই সময় | ১৭ এপ্রিল ২০২৬
  • রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে ধর্ষকদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে। এমন পদক্ষেপ যে, আদালতকেও জড়ানোর প্রয়োজন পড়বে না! 'সকালে জমা করে বিকেলে খরচের' হুঁশিয়ারি দিলেন শুভেন্দু অধিকারী। বিধানসভার বিরোধী দলনেতা পুরুলিয়ায় ভোটের প্রচারে গিয়ে বললেন, ‘ধর্ষকদের সকালে জমা করব, বিকেলে খরচ করব। আদালতে পাঠানোরও দরকার নেই।’

    ধর্ষণের ঘটনার তদন্তে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে অতীতেও একাধিক বার ‘সকালে জমা, বিকেলে খরচ’-এর হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু। তিনি নিজেই স্পষ্ট করেছেন, উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথের প্রশাসন ‘ধর্ষক’দের বিরুদ্ধে যা পদক্ষেপ করে থাকে, বাংলাতেও তা-ই চায় বিজেপি! কিন্তু এ বার তার সঙ্গে ‘আদালতে পাঠানোরও দরকার নেই’ মন্তব্য জুড়ে দিয়েছেন শুভেন্দু।

    বিজেপি ভোটে জিতলে রাজ্যে ‘ধর্ষণ’ শব্দটার অস্তিত্ব থাকবে না বলেও দাবি করেছেন শুভেন্দু। তাঁর প্রতিশ্রুতি, মহিলা পুলিশকেও আরও সক্রিয় করে তোলা হবে। বিরোধী দলনেতার কথায়, ‘পুলিশ প্রশাসনে দুর্গাস্কোয়াড তৈরি হবে। প্রতি মহকুমায় তৈরি হবে মহিলা থানা। প্রতি থানায় মহিলা ডেস্ক। মহিলা পুলিশে থাকবে দু’টি ব্যাটালিয়ন। একটি মাতঙ্গিনী হাজরার নামে। অন্যটি রানি রাসমণির নামে।’

    এসআইআর নিয়েও তৃণমূলকে বিঁধেছেন শুভেন্দু। ভোটার তালিকার নিবিড় সংশোধনে রাজ্যে প্রায় ৯১ লক্ষ নাম বাদ গিয়েছে। ভোটার তালিকা থেকে নাম বাদ গিয়েছে বহু মৃত, ভুয়ো ভোটারের। এতে আসন্ন নির্বাচনে তৃণমূল আর ‘ছাপ্পার মারা’র সুযোগ পাবে না বলেও মন্তব্য করেছেন শুভেন্দু। তিনি বলেন, ‘এসআইআর-এ মৃত ভোটার নেই। ভুয়ো ভোটার নেই। তাই তৃণমূলের ছাপ্পা মারার ভোটও নেই।’

  • Link to this news (এই সময়)