• তৃণমূল প্রার্থীর বাড়িতে হানা... নির্লজ্জ, বেহায়া একটা দল: মমতা
    এই সময় | ১৭ এপ্রিল ২০২৬
  • শুক্রবার সকালে মেয়র পারিষদ তথা তৃণমূল কংগ্রেসের রাসবিহারি কেন্দ্রের প্রার্থী দেবাশিস কুমারের বাড়িতে হানা দেয় আয়কর দপ্তর। ভোটের মুখে কেন্দ্রীয় সংস্থার সক্রিয়তার অভিযোগ তুলে ক্ষুব্ধ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কোচবিহারের রাসমেলা মাঠের নির্বাচনী সভা থেকেই এ প্রসঙ্গে সরব হলেন তৃণমূল নেত্রী। কেন্দ্রের বিজেপি সরকারকে তুলোধোনা করে তিনি বলেন, ‘নির্লজ্জ, বেহায়া একটা রাজনৈতিক দল। সামনা সামনি লড়াই করতে পারে না। ভীতু, কাপুরুষ। এখন এই সব করছে।’

    এখানেই শেষ নয়, কোচবিহারের মঞ্চ থেকে ক্ষুব্ধ মমতা সুর চড়িয়ে প্রধানমন্ত্রীর উদ্দেশে প্রশ্ন ছুড়ে দেন। তিনি বলেন, ‘নোটবন্দি করে সবার টাকা কেড়ে নিয়েছিলেন (প্রধানমন্ত্রী)। বলেছিলেন, দেশে কালো টাকা ফিরিয়ে আনবেন। আগে জবাব দিন, আপনি কি কালো টাকা আনতে পেরেছেন? আর আজ কালো টাকার হুন্ডি নিয়ে পশ্চিমবঙ্গে বসে আছেন। আর তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে হানা দিচ্ছেন। প্রার্থীর বাড়িতে গিয়ে হানা দিচ্ছেন। আমার প্লেনে রেড করতে আসছেন। আমার নিরাপত্তাকর্মীদের উপর হানা দিচ্ছেন।’ এর সঙ্গেই বিজেপিকে ভীতু-কাপুরুষের দল বলে অভিহিত করে জনগণের কাছে ওদের বিসর্জন দেওয়ার আহ্বান জানান।

    প্রসঙ্গত, এদিন সকালে রাসবিহারীর বিদায়ী বিধায়ক তথা তৃণমূল প্রার্থী দেবাশিস কুমারের বাড়িতে ভোর সাড়ে পাঁচটা নাগাদ হাজির হন আয়কর আধিকারিকদের একটি দল। বাড়ির সঙ্গে সঙ্গে মনোহর পুকুরে তৃণমূলের নির্বাচনী কার্যালয়ে হানা দেয় আয়কর দপ্তরের অন্য একটি দল। সেখানে নিয়মবিরুদ্ধ ভাবে প্রবেশ করে নথি ঘাঁটার অভিযোগ তুলেছে তৃণমূল শিবির। দেবাশিস কুমারকে বাড়িতেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, তৃণমূল প্রার্থীর শুধু বাড়ি বা নির্বাচনী কার্যালয়েই নয়, তাঁর শ্বশুরবাড়িতেও পৌঁছে গিয়েছে আয়কর দপ্তর। এ ছাড়া দক্ষিণ কলকাতার এক তৃণমূল নেতার বাড়িতেও এ দিন হানা দিয়েছে ইডি।

    এই প্রসঙ্গে বিজেপির উদ্দেশে তৃণমূল সুপ্রিমো বলেন, ‘ওরা জানে মানুষের ভোটে জেতার ক্ষমতা নেই। তাই সেন্ট্রাল ফোর্স, ইনকাম ট্যাক্স, ইডি, সিবিআই, পুরো ভারত সরকার, বিজেপির সব রাজ্যের সকলে এসে বসে গিয়েছে। তা-ও দেখুন লড়াই করছি একা। কিন্তু আমি একা নই। আমার সঙ্গে ১০০ ভাগ মানুষ আছেন।’ মমতার দাবি, যতই কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে হামলা করিয়ে যাক মোদী সরকার, তবুও মাথা নত করবেন না তিনি ও তাঁর দল। তৃণমূল সুপ্রিমোর হুঙ্কার, ‘যাই করুক। আমাদের সরকারই আবার আসছে।’

  • Link to this news (এই সময়)