'অ্যাকশন' মেজাজে কেন্দ্রীয় এজেন্সি, সকাল থেকে কলকাতার ৫ জায়গায় ED তল্লাশি
আজ তক | ১৭ এপ্রিল ২০২৬
শুক্রবার ভোর থেকে কলকাতার একাধিক প্রান্তে অভিযান চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। সল্টলেক থেকে মিডলটন স্ট্রিট, মোট পাঁচটি জায়গায় ইডির তল্লাশি চলছে। শুক্রবার সকালে সিজিও কমপ্লেক্স থেকে বার হয় ইডির একাধিক দল। সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনী। জানা যাচ্ছে, ইডি হানা দিয়েছে কলকাতার নামী আবাসন নির্মাতা সংস্থা মার্লিন গ্রুপের একাধিক ঠিকানায়। সূত্রের খবর, আর্থিক তছরুপ মামলাতেই এই তল্লাশি অভিযান। উল্লেখ্য, দিন কয়েক আগে ওই নির্মাণকারী সংস্থার সঙ্গে যুক্ত বাড়ি, ফ্ল্যাট এবং দফতরে তল্লাশি অভিযান চালানো হয়েছিল। ইডির দাবি ছিল, ভোটের মুখে বেআইনি আর্থিক লেনদেন ঠেকাতে এবং জমি সংক্রান্ত কিছু বিষয়ে লেনদেনের তথ্যতল্লাশে এই অভিযান। সেই অভিযান থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতেই শুক্রবার আবার ওই নির্মাণকারী সংস্থার দফতর-সহ কয়েকটি জায়গায় হানা দিয়েছে ইডি।
মার্লিন গ্রুপের সঙ্গে যুক্ত মোট পাঁচটি জায়গায় একযোগে তল্লাশি চলছে। শুক্রবার ভোর সাড়ে ৫টা নাগাদ মিডলটন স্ট্রিটে মার্লিন গ্রুপের সঙ্গে জড়িত ব্যবসায়ীর বাড়িতেও পৌঁছে যান তদন্তকারীরা। ED সূত্রে দাবি, ভুয়ো নথি তৈরি করে একটা জমি দেখিয়ে বিপুল অঙ্কের টাকা তোলা হয়েছে। মার্লিন গ্রুপের সেই জমি কেনাবেচার তদন্ত করতে গিয়ে নির্মাণ সংস্থা DC পাল গ্রুপের নামও উঠে এসেছে। এদিন সকালে সল্টলেকের CF ব্লকে DC পাল গ্রুপের অফিস এবং সল্টলেকের CK ব্লকে DC পাল গ্রুপের কর্তার বাড়িতে পৌঁছে যায় ED-র টিম। চলতে থাকে তল্লাশি।
এদিকে, ইডির পাশাপাশি তল্লাশি অভিযান জারি রয়েছে আরেক কেন্দ্রীয় সংস্থা আয়কর দফতরেরও। ভোর সাড়ে পাঁচটা নাগাদ রাসবিহারী কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবাশিস কুমারের মনোহরপুকুরের বাড়ি ও কার্যালয়ে পৌঁছে যান আয়কর বিভাগের কর্তারা। তাঁদের সঙ্গে ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। একসঙ্গে রাসবিহারীর প্রার্থীর দুটি ঠিকানায় তল্লাশি শুরু করেন আয়কর আধিকারিকরা। যদিও ঠিক কোন অভিযোগের ভিত্তিতে এই তল্লাশি তা এখনও জানা যায়নি। স্বাভাবিকভাবেই প্রচার বন্ধ রেখে বর্তমানে বাড়িতেই রয়েছেন তৃণমূল প্রার্থী। এদিকে আয়কর হানার খবর পেয়ে কার্যালয়ে পৌঁছেছেন তৃণমূলের সমর্থকরা। সেখানে স্লোগান তুলেছেন তাঁরা। তাঁদের অভিযোগ, কার্যালয়ে থাকা কর্মীদের নথিপত্র ঘাঁটছেন আয়কর বিভাগের আধিকারিকরা। যা নিয়ম বিরুদ্ধ। জমি দখল সংক্রান্ত একটি প্রতারণা মামলায় দিনকয়েক আগেই বিদায়ী বিধায়ক তথা রাসবিহারী বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবাশিস কুমারকে তলব করে ইডি। তিনি হাজিরাও দেন। তারপরেও ভোটের মুখে তৃণমূলের হেভিওয়েট প্রার্থীর বাড়িতে ইডি তল্লাশির নেপথ্যে রাজনৈতিক ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে শাসক শিবির।