• মমতার প্রস্তাবকের বাড়িতেও আয়কর হানা
    দৈনিক স্টেটসম্যান | ১৭ এপ্রিল ২০২৬
  • ভোটের মাত্র আর এক সপ্তাহ বাকি। তার আগেই তৎপর হয়ে উঠেছে আয়কর দফতর। শুক্রবার সকাল থেকে কলকাতার বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছে। রাসবিহারীর প্রার্থী দেবাশিস কুমার এবং কুমার সাহার পর এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ ও ভবানীপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থীর প্রস্তাবক মিরাজ শাহের বাড়িতে তল্লাশি চালাল আয়কর দপ্তর। শুক্রবার দুপুরে কলকাতার এলগিন রোডে তাঁর বাসভবনে হানা দেন আধিকারিকরা। তাঁদের সঙ্গে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও। এই ঘটনায় রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলেছে শাসকদল।

    উল্লেখ্য, গত ৮ এপ্রিল ভবানীপুরের তৃণমূল প্রার্থী মমতা মনোনয়ন জমা দেন।  মনোনয়ন জমা দেওয়ার সময় সর্বধর্ম সমন্বয়ের বার্তা দিতে চার ভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধিকে প্রস্তাবক করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁদের মধ্যে অন্যতম ছিলেন মিরাজ শাহ। তাঁর পাশাপাশি উপস্থিত ছিলেন অভিনেত্রী তথা তৃণমূলের রাজ্যসভার সাংসদ কোয়েল মল্লিকের স্বামী প্রযোজক নিসপাল সিংহ রানে। মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের স্ত্রী ইসমত হাকিম এবং ৭১ নম্বর ওয়ার্ডের তৃণমূলের ব্লক সভাপতি বাবলু সিংহ।

    মিরাজ শাহ ভবানীপুর এডুকেশন সোসাইটির সঙ্গে যুক্ত একজন বিশিষ্ট শিক্ষাবিদ ও উদ্যোক্তা। তিনি ওই সংস্থার অধ্যক্ষ, মালিক এবং ট্রাস্টি বোর্ডের সদস্য বলেও পরিচিত। পাশাপাশি ভবানীপুরের গুজরাটি সম্প্রদায়ের প্রধান। এলাকার একজন পরিচিত মুখ হিসেবে তাঁর সঙ্গে মমতার দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।

    আয়কর দপ্তর সূত্রে জানা গিয়েছে, জমি সংক্রান্ত একটি মামলার তদন্তেই এই তল্লাশি। অভিযোগ, বিতর্কিত জমি কেনাবেচা এবং ভুয়ো নথি তৈরির সঙ্গে তাঁর যোগ থাকতে পারে। সূত্রের খবর, শুক্রবার দুপুর নাগাদ এলগিন রোডে মিরাজের বাড়িতে আচমকাই হানা দেয় আয়কর বিভাগ। আধিকারিকদের সঙ্গে ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও। মিরাজের আপ্ত সহায়ক ও বাড়ির অন্যান্য কর্মীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

    এদিকে, এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এক রাজনৈতিক সভা থেকে তিনি অভিযোগ করেন, নির্বাচনের আগে বিজেপি কেন্দ্রীয় সংস্থাগুলিকে ব্যবহার করে বিরোধীদের চাপে ফেলতে চাইছে। তাঁর প্রশ্ন, কেন শুধুমাত্র তৃণমূল নেতাদের বাড়িতেই তল্লাশি চলছে, বিজেপি নেতাদের ক্ষেত্রে কেন একই পদক্ষেপ দেখা যাচ্ছে না। এই ইস্যু ঘিরে রাজ্য রাজনীতিতে উত্তাপ আরও বেড়েছে।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)