• ফের মার্লিন গ্রুপের একাধিক ঠিকানায় ইডির হানা
    দৈনিক স্টেটসম্যান | ১৭ এপ্রিল ২০২৬
  • ফের রিয়্যাল এসেস্ট সংস্থা মার্লিন গ্রুপে তল্লাশি অভিযানে নেমেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। শুক্রবার সকালে সল্টলেক এবং কলকাতার চার জায়গায় পৌঁছে যান ইডি আধিকারিকেরা। সল্টলেকের সিএফ ব্লক, সিকে ব্লক এবং মিডলটন স্ট্রিট-সহ মোট পাঁচটি জায়গায় তল্লাশি চলছে।

    কলকাতায় একটি প্রজেক্টের নামে কোটি কোটি টাকা তুলে প্রতারণার অভিযোগ রয়েছে ওই সংস্থার বিরুদ্ধে। প্রজেক্টের নাম করে জাল নথি তৈরির অভিযোগ রয়েছে মার্লিন গ্রুপের বিরুদ্ধে। ইডি সূত্রে খবর, জমি কেনাবেচা ও লেনদেনের সূত্র ধরেই আজ অর্থাৎ শুক্রবার ফের চলছে তল্লাশি অভিযান। এদিন সিজিও কমপ্লেক্স থেকে বার হয় ইডির একাধিক দল। সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনী। সূত্রের খবর, আর্থিক তছরুপ মামলাতেই এই তল্লাশি অভিযান।

    উল্লেখ্য, কিছু দিন আগে এই সংস্থার বিরুদ্ধে তল্লাশি অভিযান চালিয়েছিল ইডি।মার্লিন গ্রুপের কর্ণধার সুশীল মোহতার বাড়ি ও অফিসে তল্লাশি চালানো হয়েছিল। পাশাপাশি সংস্থার অন্যান্য ডিরেক্টরদের বাড়িতেও হানা দেয় ইডি। কলকাতার আলিপুর, প্রিন্স আনোয়ার শাহ রোড ও সল্টলেক-সহ মোট সাতটি স্থানে তল্লাশি অভিযান চালানো হয়েছিল।

    একটি প্রকল্পের নামে বিনিয়োগকারীদের কাছ থেকে বিপুল অর্থ তোলার অভিযোগ রয়েছে এই সংস্থার বিরুদ্ধে। এমনকি প্রকল্পের নাম জাল নথি তৈরির অভিযোগও রয়েছে মার্লিন গ্রুপের বিরুদ্ধে। এর আগে প্রাথমিক শিক্ষা দুর্নীতি মামলাতেও সুশীল মোহতার বিরুদ্ধে চার্জশিট দায়ের হয়েছিল।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)