• ভোটার তালিকা নিয়ে তথ্য গোপন! কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তৃণমূলের
    প্রতিদিন | ১৭ এপ্রিল ২০২৬
  • কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলল তৃণমূল। প্রথম দফায় যে তিনটি রাজ্যে ভোট হয়ে গিয়েছে তার মধ্যে কেরলের তথ্য এখনও ওয়েবসাইটে দেওয়া হয়নি। বাংলার ক্ষেত্রে এমন হলে চলবে না। বৃহস্পতিবার সিইও-র সঙ্গে দেখা করে এমনই দাবি করলেন শশী পাঁজা, অরূপ বিশ্বাস ও নাদিমুল হকরা। পাশাপাশি দুই রাজ্যে নির্বাচনের পর ভোটার তালিকা নিয়ে তথ্য গোপনের অভিযোগ তোলা হয়েছে তৃণমূলের তরফে।

    কমিশনের বিরুদ্ধে এদিন তথ্য গোপনের অভিযোগে সরব হয় তৃণমূল। আগেই ভোটার তালিকা নিয়ে তথ্য গোপন করা হয়। এবার অন্য দুই রাজ্যের তুলনা টেনে এখানেও তথ্য গোপন করা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তৃণমূলের প্রতিনিধিরা। অরূপ বিশ্বাস কমিশনের কাছে আবেদন জানান, নিরপেক্ষতা বজায় রেখে কমিশন ভোট পরিচালনা করুক। কোনও রাজনৈতিক দলের তোতাপাখি যেন না হয়ে যায়। কারণ অন্ধ্রপ্রদেশে ভোটের দিন রাত আটটার পর ৫২ লক্ষ ভোট পড়েছিল। এখানে যেন তেমন না হয় সেই আর্জি জানান।

    পাল্টা পোস্টাল ব্যালটে ভোটগ্রহণে স্বচ্ছতা থাকছে না বলে অভিযোগ তোলে বিজেপি। যদিও এদিন পোস্টাল ব্যালটে কত ভোট পড়েছে রাত পর্যন্ত সেই তথ্য প্রকাশ করতে ব্যর্থ কমিশন। ট্রাইব্যুনাল থেকে নাম এলে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে কোনও সমস্যা হবে না বলে জানিয়েছে কমিশন।

    পাশাপাশি বিজেপির অভিযোগ, এদিন পোস্টাল ব্যালটে ভোট গ্রহণের সময় তৃণমূলের কর্মীরা ভোটদাতাদের উপর বলপ্রয়োগ করে। কোথায় ভোট দিচ্ছেন তা দেখতে চায়। তবে কমিশনের তরফে জানানো হয়েছে, এই সব অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। কোথাও কোনও গরমিল ধরা পড়লে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। সোমবার থেকে কাজ করতে শুরু করেছে ট্রাইব্যুনাল।
  • Link to this news (প্রতিদিন)