ফের অফিস ট্রাইমে মেট্রো (Kolkata Metro) বিভ্রাট। অটোমেটিক সিগন্য়ালিংয়ের সমস্যার জেরে হলুদ লাইন অর্থাৎ এয়ারপোর্ট থেকে নোয়াপাড়া পর্যন্ত বন্ধ পরিষেবা। ভোগান্তির শিকার যাত্রীরা। তবে ব্লু লাইনের পরিষেবা স্বাভাবিক বলেই মেট্রো সূত্রে খবর।
গতবছর আগস্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাজ্যে এসে উদ্বোধন করেছিলেন এয়ারপোর্ট থেকে নোয়াপাড়া-মেট্রো রুটের। তারপর থেকেই যাত্রী নিয়ে ছুটছে রেক। সময় বাঁচিয়ে, খানিকটা আরামে গন্তব্যে পৌঁছতে বহু মানুষ এই পথে সফর করছেন। শুক্রবার সকালেও অফিস যাত্রীদের ভিড় ছিল জয়হিন্দ (এয়ারপোর্ট) স্টেশনে। সকাল ১০ টা বেজে ১৪ মিনিট নাগাদ আচমকা অটোমেটিক সিগন্যালে সমস্যা দেখা দেয়। তড়িঘড়ি ফাঁকা করে দেওয়া হয় রেক। ঘটনাস্থলে পৌঁছন মেট্রোর (Kolkata Metro) আধিকারিক ও ইঞ্জিনিয়াররা। কিন্তু দীর্ঘক্ষণ পেরলেও অটোমেটিক সিগন্যালের সমস্যা মেটেনি। ফলে ম্যানুয়ালি শুরু করা হয়েছে মেট্রো পরিষেবা। তবে এখনও তা পুরোপুরি স্বাভাবিক হয়নি। অত্যন্ত ধীর গতিতে চলছে মেট্রো। দীর্ঘসময় পরপর মিলছে মেট্রো।
উল্লেখ্য, কলকাতা শহরের অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগের মাধ্যম মেট্রো। সব থেকে গুরুত্বপূর্ণ রুট দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম অর্থাৎ ব্লু লাইন। এই লাইনে প্রায়ই মেট্রো বিভ্রাটের ঘটনা প্রকাশ্যে আসে। যা নিয়ে চূড়ান্ত বিরক্ত যাত্রীরা। এবার একই সমস্যার মুখে হলুদ লাইনের যাত্রীরা। গোটা ঘটনায় প্রবল বিরক্ত নিত্যযাত্রীরা।