বঙ্গে ছাব্বিশের লড়াইয়ে জিন্নার মুসলিম লিগ! প্রার্থীরা লড়বেন মেটিয়াবুরুজ ও কালিয়াগঞ্জে
প্রতিদিন | ১৭ এপ্রিল ২০২৬
আসন্ন বিধানসভা ভোটে (West Bengal Assembly Election) লড়ছে মহম্মদ আলি জিন্নার দল! বিশ্বাস না হলে আবার পড়ুন। দেশভাগের আগে যে দলের নাম ছিল অল ইন্ডিয়া মুসলিম লিগ। ১৯৪৮ সালে স্বাধীন ভারতে তারই নাম হয় ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ। মাঝে গঙ্গা দিয়ে বয়ে গিয়েছে অনেক জল। আসন্ন ২০২৬ বিধানসভা নির্বাচনে কালিয়াগঞ্জ আর মেটিয়াবুরুজে প্রার্থী দিয়েছে অল ইন্ডিয়া মুসলিম লিগের উত্তরসূরিরা।
মহম্মদ আলি জিন্নার সঙ্গে বঙ্গের বিধানসভা নির্বাচনে ভোটে (West Bengal Assembly Election) লড়া এই দলের সম্পর্ক কী? ইতিহাসের কারবারিরা জানিয়েছেন, ঐতিহ্যের দিক দিয়ে অল ইন্ডিয়া মুসলিম লিগের উত্তরসূরি এই ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ। অল ইন্ডিয়া মুসলিম লিগ বলতেই সবার আগে যাঁর নাম ভেসে ওঠে তিনি মহম্মদ আলি জিন্না। এছাড়াও রয়েছেন লিয়াকত আলি খান, আগা খানের মতো নেতারা। দেশভাগের পর ভেঙে যায় মহম্মদ আলি জিন্নার মুসলিম লিগ। পাকিস্তানে তা আলাদা রূপ নেয়।
আর ভারতে যাঁরা থেকে যান তাঁরা মিলে তৈরি করেন ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ। ১৯৪৮ সালে তৈরি হয় এই দল। রাজনৈতিক ঐতিহ্যের দিক থেকে পুরনো মুসলিম লিগের উত্তরসূরি এই দল। আসন্ন বিধানসভা নির্বাচনে মেটিয়াবুরুজে ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগের প্রার্থী হয়েছেন রফিকুল ইসলাম গাজি। রফিকুলের কথায়, “কেরলমে আমাদের চারজন সাংসদ রয়েছেন। সংখ্যালঘুদের উন্নয়নই বলা হয়েছে পার্টির ইস্তেহারে।” মুর্শিদাবাদে এই ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগের সদর দপ্তর। ২০২১ বিধানসভায় একটিও আসনে লড়েননি তাঁরা। শেষ ২০১৬ সালে ভোটে লড়েছিল দলটি। আর ছাব্বিশে এবার তারা দুটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে।