ভোটের মুখে বোমাবাজির ঘটনায় আবার উত্তপ্ত হয়ে উঠল নন্দীগ্রাম। রাস্তায় পড়ে থাকতে দেখা গেল তাজা বোমাও! পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে। যদিও এখনও কেউ গ্রেপ্তার হননি।
বিজেপির অভিযোগ, তৃণমূলই এলাকায় বোমাবাজি করেছে। নন্দীগ্রাম দাউদপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা, বিজেপির তমলুক সাংগঠনির জেলার সংখ্যালঘু সেলের সাধারণ সম্পাদক আব্বাস বেগ নন্দীগ্রাম থানায় অভিযোগ দায়ের করেছেন তৃণমূল নেতা শেখ সুফিয়ানের বিরুদ্ধে। আব্বাসের দাবি, গত ১৫ এপ্রিল নন্দীগ্রামের দাউদপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূল প্রার্থী পবিত্র করের সমর্থনের একটি পথসভা করেছিলেন সুফিয়ান। সেখানে আব্বাসকে আক্রমণ করতে গিয়ে গালিগালাজও করেছিলেন তিনি। অভিযোগ, এ নিয়ে আব্বাস থানায় অভিযোগ জানানোর পরেই বৃহস্পতিবার রাতে তাঁর বাড়ির সামনে বোমাবাজি করা হয়। তাঁর বাড়ির সামনের রাস্তা থেকে তাজা বোমাও উদ্ধার হয়েছে।
যদিও এই অভিযোগ অস্বীকার করেছে সুফিয়ান। তাঁর দাবি, আব্বাস কোনও নেতাই নন। আর তিনি কারও নাম করে গালিগালাজ বা তাঁকে হুমকি দেননি। যদি কেউ অভিযোগ করে থাকেন, তা হলে তাঁর উচিত থানায় ভিডিয়ো জমা দেওয়া।