মালদায় রেলপুলিশের হাতে গ্রেপ্তার দুই বাংলাদেশি। মালদা টাউন স্টেশন থেকে তাঁদের পাকড়াও করা হয়েছে। সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন করে শুক্রবার ধৃতদের মালদা জেলা আদালতে হাজির করানো হবে।
পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম সফিকুল আলম (৩৮) ও মহম্মদ সোনি (১৯)। বৃহস্পতিবার দুপুর ৩টে নাগাদ টিকিট কাউন্টারের সামনে তাঁদের ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হয় রেলপুলিশের। এর পর তাঁদের আটক করে জেরা করতেই জানা যায়, তাঁরা বাংলাদেশি। এক জনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে। অন্য জন জামালপুর জেলার বাসিন্দা। দিন দুয়েক আগে তাঁরা দালালের সাহায্য নিয়ে ভারতে প্রবেশন করেন। এর পর দালাল তাঁদের ছেড়ে পালিয়ে যান।
মালদা টাউন জিআরপি থানার আইসি প্রশান্ত রাই জানান, দু’জনের চেন্নাই যাওয়ার পরিকল্পনা ছিল। ধৃতেরাই জানিয়েছে, চেন্নাইয়ে কাজের সন্ধানে যাচ্ছিলেন তাঁরা। ভারতে প্রবেশের জন্য দালালকে ১৫ হাজার টাকাও তাঁরা দিয়েছিলেন বলে দাবি করেছেন ধৃতেরা। পুলিশ আধিকারিক বলেন, ‘ধৃতদের দাবি সত্যতা যাচাই করে দেখা হচ্ছে। ওরা সত্যিই কাজের সন্ধানে এসেছে, নাকি অন্য কোনও উদ্দেশ্য ছিল, তা দেখা হচ্ছে তদন্ত করে।’