হরমুজে অচলাবস্থা, দুই রাষ্ট্রপ্রধানের সঙ্গে ফোনে কথা মোদির
বর্তমান | ১৭ এপ্রিল ২০২৬
নয়াদিল্লি, ১৭ এপ্রিল: পশ্চিম এশিয়ার অগ্নিগর্ভ পরিস্থিতি যত জটিল হচ্ছে, ততই বাড়ছে আঞ্চলিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ। তারই সঙ্গে আন্তর্জাতিক রাজনীতির কেন্দ্রে উঠে এসেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ। যেখানে এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি নৌচলাচল। এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই একাধিক বিশ্বনেতার সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা সারলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
প্রথমে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। পরে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁ। দু’জনের সঙ্গেই আলাদা করে ফোনে কথা বলেন মোদি। দুই ক্ষেত্রেই আলোচনার মূল কেন্দ্রে ছিল পশ্চিম এশিয়ার অস্থিরতা এবং হরমুজ প্রণালীর নিরাপত্তা। কয়েকদিন আগেই ট্রাম্পের সঙ্গে ফোনালাপে মোদিকে বন্ধু বলে উল্লেখ করেন তিনি। ট্রাম্প জানায়, 'মোদি আমার ভালো বন্ধু। তিনি ভালো কাজ করছেন। আমাদের মধ্যে ভালো আলোচনা হয়েছে'।
এর মধ্যেই বৃহস্পতিবার আবার নতুন করে তাৎপর্যপূর্ণ ফোনালাপ হয় মোদি ও ম্যাক্রঁর মধ্যে। প্রধানমন্ত্রী নিজেই জানান, ফ্রন্সের প্রেসিডেন্ট তাঁকে ফোন করেন। আলোচনায় উঠে আসে পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতি এবং বিশেষভাবে হরমুজ় প্রণালীর প্রসঙ্গ। দু’জনেই একমত হন, এই গুরুত্বপূর্ণ সমুদ্রপথে দ্রুত নিরাপত্তা নিশ্চিত করা এবং নির্বিঘ্ন নৌচলাচল পুনরুদ্ধার করা এখন অত্যন্ত জরুরি এমটাও আলোচনা হয় তাঁদের। ম্যাক্রঁর সঙ্গে আলোচনায় শুধু পশ্চিম এশিয়াই নয়, সামগ্রিক আঞ্চলিক পরিস্থিতি নিয়েও কথা হয়েছে বলে জানান মোদি। পাশাপাশি, শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে একসঙ্গে কাজ চালিয়ে যাওয়ার ব্যাপারেও ঐকমত্যে পৌঁছেছেন দুই নেতা।
উল্লেখ্য, শ্চিম এশিয়ার সংঘাতজনিত সমস্যায় ১০ দিনের যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ইজরায়েল ও লেবানন। বৃহস্পতিবার এই ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্টমার্কিন প্রেসিডেন্ট জানান, ‘লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আওউন ও ইজরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে দারুণ কথাবার্তা হয়েছে। খুব শীঘ্রই দুই নেতাকে ওয়াশিংটনে আমন্ত্রণ জানাব।’