গোয়া, ১৭ এপ্রিল: রক্ষকই যখন ভক্ষক। উত্তর গোয়ার কোলভালে জেলের এক ঘটনায় প্রশ্ন উঠছে জেলের নিরাপত্তা নিয়ে। জেলখানার অন্দরেই চলছিল মাদক পাচারের রমরমা কারবার। আর অভিযুক্ত কে? অভিযুক্ত নিজে একজন পুলিশ কনস্টেবল। সুমেশ মান্ড্রেকর। গোয়ার পানাজির এই ঘটনায় ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে তাকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, উত্তর গোয়ার কোলভালে সেন্ট্রাল জেলে গাঁজা পাচারের চেষ্টা করছিল অভিযুক্ত সুমেশ মান্ড্রেকর। গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবারই ফাঁদ পাতে কর্তৃপক্ষ। ঠিক সেই সময়েই হাতেনাতে ধরা পড়ে যায় সে। তার কাছ থেকে প্রায় ১.৬৫ কিলোগ্রাম গাঁজা উদ্ধার হয়েছে বলে জানিয়েছেন এক কর্মকর্তা। চারটি আলাদা প্যাকেটে ভাগ করা অবস্থায় ছিল সেগুলি। জানা গিয়েছে, মান্ড্রেকর ২০২৪ ব্যাচের এক কনস্টেবল। গ্রেপ্তারের পর তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। পরে তাকে প্রিজন সুপারিনটেনডেন্ট সুচিতা দেশাইয়ের সামনে পেশ করা হয়। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই অপরাধের সঙ্গে মান্ড্রেকর একা জড়িত না কি এর নেপথ্যে কোনও বড় চক্র আছে তা খতিয়ে দেখছে তদন্তকারীরা। জেলের ভেতরেই কীভাবে মাদক পৌঁছানোর পরিকল্পনা করা হয়েছিল, সেই রহস্য ভেদে এখন তৎপর তদন্তকারী দল। উচ্চ নিরাপত্তা যুক্ত জেলে এমন ঘটনা সামনে আসায় স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়ছে প্রশাসনের অন্দরমহলে।