• ১৬ এপ্রিল থেকেই দেশজুড়ে লাগু মহিলা সংরক্ষণ আইন, বিজ্ঞপ্তি জারি কেন্দ্রের
    বর্তমান | ১৭ এপ্রিল ২০২৬
  • নয়াদিল্লি, ১৭ এপ্রিল: ডিলিমিটেশন বিল ইস্যুতে গতকাল অর্থাৎ বৃহস্পতিবার সারাদিনই উত্তপ্ত থেকেছে সংসদ। আর তার মধ্যেই গতকাল মাঝরাতে আচমকাই কার্যকর করা হল ২০২৩ সালের মহিলা সংরক্ষণ আইন। যার নাম, নারী সংরক্ষণ আইন ২০২৩ বা নারী শক্তি বন্দন অধিনিয়ম। এই বিষয়ে ইতিমধ্যেই কেন্দ্রীয় আইন মন্ত্রকের পক্ষ থেকে একটি বিশেষ বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে। জানানো হয়েছে, ১৬ এপ্রিল থেকেই এই আইন বলবৎ করা হল। নয়া এই আইনের ফলে আইনসভাগুলিতে মহিলাদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষণ নিশ্চিত করার কথা। কিন্তু কেন ২০২৩ সালের এই আইনটি গতকাল মধ্যরাতে কার্যকর করা হল? তা নিয়ে সরব হয়েছেন বিরোধীরা। মূলত যখন একই আইনের সংশোধন নিয়ে সংসদে আলোচনা চলছে তখন কেন এটা লাগু করা হল তা অনেকেই বুঝতে পারছেন না।

    জানা যাচ্ছে ২০২৩ সালেই এই বিলটি পেশ হয়েছিল এবং পরবর্তীতে দেশের রাষ্ট্রপতিও তাতে সম্মতি প্রদান করেছিলেন। কিন্তু রাষ্ট্রপতি জানিয়েছিলেন, আইন লাগুর চূড়ান্ত তারিখ জানাবে কেন্দ্রীয় সরকারই। ওই পুরোনো বিলটি হঠাৎ লাগু করায় রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর বিতর্ক। অনেকেই মনে করছেন, ২০২৯ সালে রয়েছে লোকসভা নির্বাচন। তার ঠিক আগেই মহিলারা যাতে এই সুবিধা ভোগ করতে পারেন তার জন্যই কার্যত তাড়াহুড়ো করে এই আইন লাগু করতে চাইছে কেন্দ্রীয় সরকার। তবে বিশেষজ্ঞদের মতে, আইনটি কার্যকর করা হলেও বাস্তবে এটিকে বাস্তবায়িত করতে কিছুটা সময় লাগবেই। কারণ, তার জন্য প্রয়োজন আগামী বছরের জনগণনা এবং তার ভিত্তিতেই শেষ করতে হবে আসন বিন্যাস বা ডিলিমিটেশন প্রক্রিয়াও। প্রসঙ্গত, মহিলা সংরক্ষণের জন্য তিনটি বিল নিয়ে আলোচনা হচ্ছে দেশের সংসদে। ভোটাভুটি হওয়ার কথা রয়েছে আজ, শুক্রবার বিকেলে। 
  • Link to this news (বর্তমান)